উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন রাজা রামমোহন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর জেলার বিন্দোল এলাকার রাজা রামমোহন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হল। এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৭০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিষ্ণু দয়াল আগরওয়াল এবং বিশিষ্ট সমাজসেবী ও কবি অশোক রায়। ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ও খেলাধুলার মান দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন।

প্রতিযোগিতায় প্রায় ২০টি বিভিন্ন বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল নানা ধরনের দৌড় প্রতিযোগিতা, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন সহ একাধিক আকর্ষণীয় ইভেন্ট। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সমাজসেবী ও কবি অশোক কুমার রায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হজরত আলী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক হজরত আলী জানান, ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয় চত্বরে ছিল উৎসবের আমেজ। এলাকার প্রচুর মানুষ সারাদিন ধরে মাঠে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।