লোকশিল্পীদের ভাতা চালু রাখতে তৎপর প্রশাসন! জীবিত থাকার শংসাপত্র জমা দিতে ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে ভিড় শিল্পীদের!
সরকারি ভাতা অব্যাহত রাখতে শুরু হয়েছে তৎপরতা। ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহকুমার বিভিন্ন ব্লকের লোকশিল্পীদের জীবিত থাকার শংসাপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর সেই প্রক্রিয়াকে কেন্দ্র করে ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার লোকশিল্পীরা।ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর-১, গোয়ালপোখর-২, ডালখোলা এবং করণদিঘি এলাকার লোকশিল্পীরা নির্দিষ্ট নিয়ম মেনে তাঁদের জীবিত থাকার শংসাপত্র জমা দিতে দপ্তরে হাজির হচ্ছেন।এক লোকশিল্পী জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদেয় মাসিক ভাতা চালু রাখার জন্য প্রতি বছর তাঁদের জীবিত থাকার শংসাপত্র জমা দিতে হয়।

সেই সরকারি নিয়ম মেনেই তাঁরা এবছরও শংসাপত্র জমা দিচ্ছেন।উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে নথিভুক্ত লোকশিল্পীদের প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়। এই ভাতা তাঁদের আর্থিক সহায়তার পাশাপাশি লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এদিন শংসাপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে দপ্তরের কর্মী বিশ্বজিৎ বিশ্বাস এবং লোকশিল্পী সুশীলা কিস্কুর বক্তব্যও তুলে ধরা হয়।

