ইটাহারে বড়সড় পুলিশি অভিযান! বিধায়ক মোশারফ হোসেনের ভাই মোজাফফর হোসেন ও পঞ্চায়েত প্রধানের স্বামী হুসেন আলি গ্রেফতার! জমি দখল, খুনের অভিযোগ ও তোলাবাজি ঘিরে তীব্র চাঞ্চল্য!
উত্তর দিনাজপুর জেলার ইটাহারে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য! ইটাহার ব্লক যুব তৃণমূলের সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের ভাই মোজাফফর হোসেন এবং কাপাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী হুসেন আলিকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ।

তাঁদের বিরুদ্ধে জমি দখল, খুনের অভিযোগ, দুর্নীতি ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ইটাহার থানার আইসি-সহ পুলিশের একটি বিশেষ দল মালদহ জেলার ময়না এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই মোজাফফর হোসেনকে গ্রেফতার করে ইটাহার থানায় নিয়ে আসা হয়।এরপর রবিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।
তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে পুলিশ রিমান্ডের আবেদনও জানিয়েছে বলে জানা গিয়েছে।অন্যদিকে, কাপাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী হুসেন আলির গ্রেফতারের ঘটনাও এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।একাধিক অভিযোগকে কেন্দ্র করে এই গ্রেফতারির ঘটনায় ইটাহার তথা উত্তর দিনাজপুরের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা এবং ঘটনার নেপথ্যে থাকা সমস্ত বিষয় তদন্তের পরই স্পষ্ট হবে।এখন দেখার, পুলিশি তদন্তে আর কী কী তথ্য সামনে আসে এবং আদালতের নির্দেশে এই মামলার পরবর্তী গতিপ্রকৃতি কোন দিকে এগোয়।

