“৫৫০ কোটির উন্নয়ন, মানুষের ভালোবাসায় ভরসা—রায়গঞ্জে ঐতিহাসিক জয়ের পথে কৃষ্ণ কল্যাণী”

তন্ময় চক্রবর্তী :- গণতন্ত্রের উৎসবকে ঘিরে রায়গঞ্জ শহর এদিন যেন পরিণত হয়েছিল এক বর্ণাঢ্য জনসমুদ্রে। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে বিশাল মিছিল ও শক্তিপ্রদর্শনের মধ্য দিয়ে জমা পড়ল তাঁর মনোনয়নপত্র। আর সেই জনসমর্থনের ঢেউ থেকেই আত্মবিশ্বাসী সুরে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় বার্তা দিলেন তিনি।মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“যেভাবে রায়গঞ্জের মানুষ গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়ে আমাদের প্রতি সমর্থন, ভালোবাসা ও উৎসাহ দেখিয়েছেন, তার জন্য আমি হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।”নিজের কাজকেই প্রধান হাতিয়ার করে ভোটের ময়দানে নেমেছেন তিনি।

কৃষ্ণ কল্যাণী জানান, গত সাড়ে চার বছরে তিনি তাঁর বিধানসভায় ৫৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন এবং সেই সমস্ত কাজের পূর্ণাঙ্গ রিপোর্ট কার্ড প্রকাশ করে জনগণের হাতে তুলে দিয়েছেন।তিনি বলেন,“আমরা সারা বছর কাজ করি। আমি আমার বিধানসভায় যে কাজ করেছি, তার রিপোর্ট কার্ড আমি মানুষের হাতে তুলে দিয়েছি। উন্নয়নই আমাদের মূল পরিচয়।”রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত কমলাবাড়ি ১ ও ২, মারাইকুরা, গৌড়ী, বাহিন অঞ্চল এবং রায়গঞ্জ সদর পৌরসভা—এই পাঁচটি এলাকাজুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি। রাস্তা, পরিকাঠামো থেকে শুরু করে বিভিন্ন জনমুখী প্রকল্প—সব ক্ষেত্রেই নজিরবিহীন কাজ হয়েছে বলে জানান কৃষ্ণ কল্যাণী।বিশেষভাবে তিনি উল্লেখ করেন ‘সমাধান অফিস’-এর কথা। তাঁর উদ্যোগে গড়ে ওঠা এই অফিস থেকে ইতিমধ্যেই সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ সরাসরি পরিষেবা পেয়েছেন।“মানুষের আপদে-বিপদে সবসময় পাশে থেকেছি। সেই কারণেই আজ মানুষ তাদের ভালোবাসা উজাড় করে দিচ্ছেন,”—বলেন তিনি।রাজনৈতিক সমীকরণ নিয়েও স্পষ্ট বক্তব্য রাখেন তৃণমূল প্রার্থী। তাঁর দাবি,“আমার কাছে এই নির্বাচন একতরফা। সিপিএম, কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বিতীয় স্থান নিয়ে লড়াই হতে পারে, কিন্তু প্রথম স্থান নিয়ে ব্যবধান অনেকটাই থাকবে।”আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি আরও বলেন,“এবার আমি রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হব এবং ঐতিহাসিক জয় ছিনিয়ে আনব।”রায়গঞ্জের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই মিছিল ও বক্তব্যকে কেন্দ্র করে চর্চা তুঙ্গে। কৃষ্ণ কল্যাণীর উন্নয়নমূলক কাজ, সংগঠনের শক্তি এবং জনসংযোগ—সব মিলিয়ে আসন্ন নির্বাচনে তিনি যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, তা স্পষ্ট হয়ে উঠছে এই দিনের ঘটনাবলীতে।