“উৎপল মহারাজ এখন ‘উৎপল বাবু’—আধ্যাত্মিক মানুষ কেন ভোটের ময়দানে? প্রশ্ন তুললেন নিতাই বৈশ্য”
তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য বিজেপি প্রার্থী উৎপল মহারাজ-কে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন।

একইসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকাকেও তীব্র ভাষায় আক্রমণ করেন।বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বীরঘই অঞ্চলের পিপলান বুথে এক কর্মী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিতাই বৈশ্য বলেন,“আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, সবসময় মাঠে-ময়দানেই থাকি। মানুষের পাশে থাকা এবং মাঠেই লড়াই করাই আমাদের প্রধান কাজ।”তিনি অভিযোগ করেন, বিজেপি বারবার পশ্চিমবঙ্গে নির্বাচনে পরাজিত হওয়ায় কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করছে। তার দাবি,“নির্বাচন কমিশনকে পরিকল্পিতভাবে ব্যবহার করে রাজ্যের প্রশাসনিক কাঠামোতে হস্তক্ষেপ করা হচ্ছে। ভোট পরিচালনায় যুক্ত আমলাদের হঠাৎ বদলি করে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।”এছাড়াও তিনি অভিযোগ করেন, বহু সাধারণ ভোটারের নাম ‘এডজুডিশন’-এ নিয়ে গিয়ে তাদের ভোটাধিকার অনিশ্চিত করে তোলা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।তৃণমূল প্রার্থী বলেন, পশ্চিমবঙ্গের মানুষ এখনও “মা-মাটি-মানুষের সরকার”-এর উপর আস্থা রাখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়-কে আবার আশীর্বাদ করতে প্রস্তুত।“লক্ষ লক্ষ কর্মী ও সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন, জয়ের ব্যাপারে আমরা ১০০ শতাংশ নিশ্চিত,”—দাবি তার।নিজের প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে নিতাই বৈশ্য বলেন,“আগে উনি উৎপল মহারাজ ছিলেন, এখন আমি উৎপল বাবু বলি। একজন আধ্যাত্মিক মানুষ হঠাৎ কোন কারণে রাজনীতিতে এলেন, সেটা মানুষের কাছেই বড় প্রশ্ন।”তার মতে, কালিয়াগঞ্জে মূল লড়াই হবে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে, বিজেপি এখানে প্রধান প্রতিপক্ষ নয়।এদিন তিনি স্থানীয় বিজেপি সাংসদকেও আক্রমণ করে বলেন,“কেন্দ্র ১০০ টাকার মধ্যে ৮০ টাকা নিয়ে যাচ্ছে জিএসটির মাধ্যমে। কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উন্নয়নে কী কাজ হয়েছে? রেলের উন্নয়ন ছাড়া অন্য গুরুত্বপূর্ণ সামাজিক ক্ষেত্রগুলোতে বিজেপির কোনও নজর নেই।”সবমিলিয়ে, কালিয়াগঞ্জে নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিশেষ করে বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে নিয়ে তার মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

