সাহিত্যে অনন্য কৃতিত্ব: ‘একুশ শতকের সেরার সেরা বাঙালি ২০২৬’ সম্মানে ভূষিত দানগ্রামের কবি সত্যব্রত চৌধুরী
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর | ৭ ফেব্রুয়ারি:সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘একুশ শতকের সেরার সেরা বাঙালি ২০২৬’ সম্মানে ভূষিত হলেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বর্ধিষ্ণু গ্রাম দানগ্রামের বিশিষ্ট কবি সত্যব্রত চৌধুরী। সল্ট লেকের আশা ফাউন্ডেশন কলকাতার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিশ্ব বাংলা সাহিত্য সম্মেলনে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে কবি সত্যব্রত চৌধুরীর হাতে সম্মাননা তুলে দেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র শীল।

এই উপলক্ষে আশা ফাউন্ডেশনের সভাপতি সোহেল আখতার বলেন, “একুশ শতকের সেরার সেরা বাঙালি ২০২৬ সম্মাননা কবি সত্যব্রত চৌধুরীর হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত। সাহিত্যে তাঁর অবদান সত্যিই অনন্য।”সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি বিশ্বকোষের প্রধান সম্পাদক আব্দুল করিম, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ড. রণজিৎ ধর, বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকারসহ সাহিত্য ও সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট ব্যক্তি।সম্মাননা গ্রহণের পর কবি সত্যব্রত চৌধুরী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “সম্মান বা পুরস্কার পেলে কার না ভালো লাগে। আমিও এই সম্মাননা পেয়ে অভিভূত। এটি আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার।” তিনি আরও বলেন, এই স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে সাহিত্যচর্চায় আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবান হতে অনুপ্রাণিত করবে।উল্লেখ্য, কবি সত্যব্রত চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘গ্রামঞ্জলি’ ২০২৫ সালে দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলায় প্রকাশিত হয়। পাশাপাশি তিনি দানগ্রাম থেকে প্রকাশিত সাহিত্যপত্রিকা ‘যতীন্দ্রায়ণ’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবেও পরিচিত।এই সম্মান প্রাপ্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার কবি-সাহিত্যিক মহল তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অল্প সময়ের মধ্যেই সাহিত্যের দরবারে নিজের পরিচিতি গড়ে তুলে নিজের গ্রাম ও জেলার নাম উজ্জ্বল করায় দানগ্রামের মানুষজনও দু’হাত ভরে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা জানিয়েছেন।





