বাঙ্গালবাড়ী বাসীর বহু প্রতীক্ষার অবসান ,আজ থেকে কুলিক এক্সপ্রেসের স্টপেজ, সবুজ পতাকা নেড়ে শুভ সূচনা করলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল
তন্ময় চক্রবর্তী :- রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঙ্গালবাড়ী এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়িত হল। আজ থেকে রাধিকাপুর–হাওড়া কুলিক এক্সপ্রেস ট্রেনের বাঙ্গালবাড়ী রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে স্টপেজ চালু হল। এই ঐতিহাসিক মুহূর্তে সবুজ পতাকা নেড়ে ট্রেনের শুভ সূচনা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।এই স্টপেজ চালু হওয়ায় বাঙ্গালবাড়ী সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার সাধারণ মানুষ উপকৃত হবেন। বিশেষ করে ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও রোগী পরিবহণে বড়সড় স্বস্তি আসবে বলে মত স্থানীয়দের।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন,“বাঙ্গালবাড়ী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন। সেই ন্যায্য দাবিকে সম্মান জানিয়ে আজ কুলিক এক্সপ্রেসের স্টপেজ চালু হওয়া সত্যিই গর্বের বিষয়। আমি গৈরিক অভিনন্দন জানাই যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি ও কেন্দ্রীয় রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈষ্ণবজি-কে। তাঁদের জনমুখী সিদ্ধান্তেই আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ এই সুবিধা পেলেন।”স্থানীয় বাসিন্দারাও তাঁদের উচ্ছ্বাস লুকোতে পারেননি। বাঙ্গালবাড়ীর এক প্রবীণ বাসিন্দা বলেন,“এতদিন আমাদের হাওড়া বা শিলিগুড়ি যেতে অনেক সমস্যায় পড়তে হত। আজ স্টপেজ চালু হওয়ায় খুব খুশি আমরা। সাংসদ কার্তিক পাল আমাদের কথা রেখেছেন।”একজন তরুণ যাত্রী বলেন,“এই ট্রেন আমাদের পড়াশোনা ও চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টপেজ চালু হওয়ায় সময় ও খরচ দুটোই বাঁচবে।”আজকের এই উদ্যোগে বাঙ্গালবাড়ী স্টেশন চত্বরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সাধারণ মানুষ, রেলযাত্রী ও দলীয় কর্মীদের উপস্থিতিতে গোটা এলাকা যেন আনন্দে ভরে ওঠে।কুলিক এক্সপ্রেসের এই নতুন স্টপেজ বাঙ্গালবাড়ী এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে—এমনটাই মত সকলের।






