ঝাড়গ্রাম–কিশানগঞ্জ ভায়া বারসই হাই স্পিড করিডর শুরু হতে চলেছে, রায়গঞ্জে জানালেন সাংসদ কার্তিক চন্দ্র পাল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর | ৭ ফেব্রুয়ারি :- উত্তর দিনাজপুর জেলার দীর্ঘদিনের স্বপ্ন ও দাবিকে বাস্তব রূপ দিতে চলেছে এক গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প। ঝাড়গ্রাম থেকে কিশানগঞ্জ ভায়া বারসই হয়ে রায়গঞ্জকে যুক্ত করে একটি নতুন হাই স্পিড করিডর গড়ে তোলার কাজ শুরু হতে চলেছে। শুক্রবার রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে এই সুখবর দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল।সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, ঝাড়গ্রাম থেকে শুরু হওয়া এই বড় সড়কটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (NHAI)-এর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে। এই রাস্তা কিশানগঞ্জ হয়ে ভায়া বারসই রায়গঞ্জের সঙ্গে যুক্ত হবে।

ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ডিপিআর (ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট) প্রস্তুত হয়েছে এবং তার পাশাপাশি কাজও শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট এজেন্সি।তিনি আরও বলেন, এই রাস্তার নাম মোরগ্রাম–কিশানগঞ্জ হাই স্পিড করিডর (ভায়া বারসই ও রায়গঞ্জ)। ইতিমধ্যেই টেন্ডারের অনুমোদন হয়ে গিয়েছে। বহু বছর আগে এই পথকে জাতীয় সড়কে উন্নীত করার চেষ্টা হয়েছিল, কিন্তু নানা কারণে তা থমকে যায়। এবার সেই স্বপ্ন বাস্তবের পথে।সাংসদের কথায়,“এটি একটি জাতীয় প্রকল্প। এই রাস্তা তিনটি রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে। মোরগ্রাম হয়ে পাকুর, ঝাড়খণ্ড অতিক্রম করে বিহার পর্যন্ত বিস্তৃত হবে। ফলে উত্তর দিনাজপুর জেলার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে যাবে।”জমি জট সংক্রান্ত আশঙ্কা প্রসঙ্গে সাংসদ স্পষ্ট জানান,“অনেকে ভাবতে পারেন জমি সমস্যায় কাজ আটকে যাবে কি না। কিন্তু যেহেতু এটি একটি জাতীয় প্রকল্প এবং একাধিক রাজ্যের সঙ্গে যুক্ত, তাই কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না।”এই ঘোষণাকে ঘিরে জেলাজুড়ে খুশির হাওয়া। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, বারসই ও আশপাশের এলাকার সাধারণ মানুষ এই প্রকল্পকে জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।এক ব্যবসায়ী বলেন,“এই রাস্তা হলে মাল পরিবহণ অনেক সহজ হবে। আমাদের ব্যবসার খরচ কমবে, বাজার বাড়বে।”এক কলেজ পড়ুয়া জানায়,“দূরপাল্লার যাতায়াত সহজ হলে পড়াশোনা ও চাকরির সুযোগ দুটোই বাড়বে।”এক প্রবীণ বাসিন্দার কথায়,“এই রাস্তার দাবি আমরা বহু বছর ধরে করে আসছি। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে, এটা আমাদের কাছে গর্বের।”সর্বমোট, ঝাড়গ্রাম–কিশানগঞ্জ ভায়া বারসই হাই স্পিড করিডর শুধু একটি রাস্তা নয়, উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের এক নতুন মাইলফলক বলেই মনে করছেন জেলার সর্বস্তরের মানুষ।





