টাঙ্গনের বুকে বালি মাফিয়াদের দাপটে পুলিশের হানা! ভোররাতে বালি ভর্তি ট্রাক্টর সহ দুই মাফিয়া গ্রেপ্তার, কড়া বার্তা কালিয়াগঞ্জ পুলিশের

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ২৭ আগস্ট: রাতের অন্ধকারে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে ফের বড়সড় অভিযান চালাল কালিয়াগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার কাকভোরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাধিকাপুরের হারিয়াচন্ডী ঘাটে অভিযান চালিয়ে বালি ভর্তি একটি ট্রাক্টর সহ দুই অভিযুক্ত বালি পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।কালিয়াগঞ্জ থানার এসআই রামচন্দ্র ঘোষের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম সঞ্জয় রায় (৪১) এবং রাজকুমার রায় (৩৬)। দুজনেরই বাড়ি রাধিকাপুর ব্লকের ফরিদপুরের বাগচা গ্রামে।পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ সামনে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই নজরদারি বাড়ানো হয়। বৃহস্পতিবার ভোরে হারিয়াচন্ডী ঘাটে বালি ভর্তি ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় পুলিশের অভিযানে দুজনকে হাতেনাতে পাকড়াও করা হয়।কালিয়াগঞ্জ থানার এসআই রামচন্দ্র ঘোষ জানান, ধৃত দুই অভিযুক্তকে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রাধিকাপুরের টাঙ্গন নদী থেকে কোনওভাবেই অবৈধভাবে বালি পাচার করতে দেওয়া হবে না।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গত মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে টাঙ্গন নদী থেকে বালি বোঝাই দুটি ট্রাক্টর উদ্ধার করা হয়েছিল। এরপরও অবৈধ বালি পাচার বন্ধ না হওয়ায় পুলিশ আরও কঠোর পদক্ষেপ শুরু করেছে।কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্ত জানান, অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার বন্ধ করতে পুলিশ সবরকম ব্যবস্থা গ্রহণ করছে। আগামী দিনেও নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।টাঙ্গন নদী থেকে অবৈধ বালি তোলার বিরুদ্ধে কালিয়াগঞ্জ পুলিশের এই ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে। পুলিশের কঠোর অবস্থানের প্রশংসা করে কালিয়াগঞ্জ ব্লকের সাধারণ মানুষ পুলিশ আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন।