“এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, কেন্দ্রীয় সিদ্ধান্তই সঠিক”: রায়গঞ্জে সুর চড়ালেন বাবুলাল বালা

​নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উদ্বাস্তু ও মতুয়া সমাজকে নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে সরাসরি সরব হলেন বাবুলাল বালা। রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নেওয়া ‘এসআইআর’ (SIR) সংক্রান্ত সিদ্ধান্তটি সম্পূর্ণ সঠিক এবং এটি উদ্বাস্তুদের স্বার্থেই নেওয়া হয়েছে।​এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এসআইআর নিয়ে একদল মানুষ অযথা বিভ্রান্তি ছড়াচ্ছেন। কোনো কথা বলার আগে আইনটি ভালো করে বোঝা উচিত।

মতুয়া সমাজ এবং উদ্বাস্তুদের আবেগ নিয়ে রাজনীতি করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”বাবুলাল বালা ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী উদ্বাস্তুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। তাঁর মতে, কেন্দ্রীয় সরকার উদ্বাস্তুদের জন্য যে ‘সুরক্ষা কবজ’ প্রদান করেছে, তা নিয়ে সাধারণ মানুষের মনে কোনো সংশয় থাকা উচিত নয়।​উদ্বাস্তু পরিবারগুলোকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, “বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী যা বলছেন, তা বাস্তবেই উদ্বাস্তুদের মঙ্গলের জন্য। আইন অনুযায়ী তাদের অধিকার সুরক্ষিত থাকবে।”​এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে তিনি বিরোধী পক্ষকে আক্রমণ করে জানান যে, উদ্বাস্তুদের ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা সফল হবে না। আইনের সঠিক ব্যাখ্যা জেনে তবেই মন্তব্য করা উচিত বলে তিনি কড়া বার্তা দেন