২৯ অক্টোবর রায়গঞ্জে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক, ঐতিহাসিক জনসভার প্রস্তুতি তুঙ্গে
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ২৬ অক্টোবর: যে রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলায় মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তৎপরতা তুঙ্গে। আগামী ২৯ অক্টোবর রায়গঞ্জে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার বিশেষ কর্মসূচি নিয়ে রায়গঞ্জ সফরে আসছেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। কর্ণজোড়ায় অডিটোরিয়াম সাজিয়ে তোলার পাশাপাশি সফরের অন্যান্য ব্যবস্থাপনাও খতিয়ে দেখা হচ্ছে।প্রশাসনিক সূত্রে খবর, সফরের প্রথম পর্যায়ে কর্ণজোড়ার অডিটোরিয়ামে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার-সহ জেলার বিশিষ্ট প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জেলার বিধায়কদেরও উপস্থিত থাকার কথা। উত্তর দিনাজপুরের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কাজকর্ম এবং জেলার বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়গুলি এই বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে।উত্তর দিনাজপুর দীর্ঘদিন ধরেই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি।

শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও পরিকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে জেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।প্রশাসনিক বৈঠকের পর রায়গঞ্জে একটি জনসভার কর্মসূচিও রয়েছে বলে জানা গিয়েছে। ওই সভায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির দলীয় নেতা-কর্মীদের উপস্থিত থাকার কথা। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় স্তরেও প্রস্তুতি শুরু হয়েছে।জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ জানিয়েছেন, আগামী ২৯ অক্টোবর রায়গঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন, এরপর জনসভায় যোগ দেবেন। ওই সভায় সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানান। নিমাই কবিরাজের দাবি, রায়গঞ্জের এই সভা ঐতিহাসিক হয়ে উঠবে।উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর বালুরঘাট সফরে যাওয়ার সময় রায়গঞ্জে কিছুক্ষণের জন্য তাঁর কনভয় থেমেছিল। সেই সময় স্থানীয় মানুষ তাঁকে স্বাগত জানান। তবে এবার নির্দিষ্ট কর্মসূচি নিয়ে রায়গঞ্জে আসছেন তিনি। ফলে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তর দিনাজপুরের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।এখন নজর ২৯ অক্টোবরের দিকে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকে উত্তর দিনাজপুরের উন্নয়ন নিয়ে কী বার্তা উঠে আসে এবং জনসভা থেকে তিনি কী ঘোষণা করেন, সেদিকেই তাকিয়ে জেলার মানুষ।আজ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর সভার স্থল পরিদর্শন করেন রায়গঞ্জে সাংসদ কার্তিক চন্দ্র পাল


