ভোটার তালিকায় নামের পাশে ‘ডিলিট’— আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী চোপড়ার কাঠমিস্ত্রি, চাঞ্চল্য এলাকায়

চোপড়া: ভোটার তালিকায় নিজের নামের পাশে বড় অক্ষরে ‘ডিলিট’ লেখা দেখেই মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নিলেন চোপড়ার এক ব্যক্তি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম বিক্রম সিংহ (৪১)। তিনি চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মাফিপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ তারিখ এসআইআর-এর নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় দেখা যায়, বিক্রম সিংহের নামের ওপর বড় বড় অক্ষরে ‘ডিলিট’ লেখা রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তালিকায় নিজের নাম কাটা গেছে দেখে চরম দুশ্চিন্তা ও আতঙ্কে ভুগছিলেন তিনি। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানিয়েছেন পরিবারের লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ফাঁকা জায়গায় বিক্রম সিংহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ১১৮ নম্বর বুথের বিএলও মনোজিৎ কুমার শিকদার জানান, ভোটার তালিকার ৮৭১ নম্বর সিরিয়ালে বিক্রম সিংহের নামের ওপর ‘ডিলিট’ লেখা রয়েছে। তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে প্রতিক্রিয়া। তৃণমূল নেতা তথা চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক অভিযোগ করে বলেন, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর-এর নামে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। তাঁর দাবি, এটি আসলে সাধারণ মানুষকে মানসিক চাপে ফেলার কৌশল।

ঘটনার পর পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বিক্রম সিংহের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।