ড্রোনে উড়িয়ে দেওয়ার হুমকির মেইল, রায়গঞ্জ জেলা পোস্ট অফিসে তীব্র চাঞ্চল্য ,আতঙ্কে কর্মী ও সাধারণ মানুষ

রায়গঞ্জ: ড্রোনের মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকির মেইল ঘিরে সোমবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ জেলা পোস্ট অফিসে। হুমকির এই মেইল ঘিরে মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় পোস্ট অফিস চত্বর জুড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত পোস্ট অফিসে উপস্থিত সকল গ্রাহককে বাইরে বের করে দেওয়া হয় এবং সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পরিষেবা।জানা গেছে, সোমবার প্রায় দুপুর ১২টা নাগাদ রায়গঞ্জ জেলা পোস্ট অফিসে একটি ই-মেইল আসে, যেখানে ড্রোনের মাধ্যমে পোস্ট অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। শুধু একবার নয়, একই ধরনের হুমকি বার্তা পরপর মোট চারবার আসে বলে জানা গেছে।

এই ঘটনার পরেই পোস্ট অফিস কর্তৃপক্ষের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে উপস্থিত সকল গ্রাহককে নিরাপদে বাইরে বের করে দেওয়া হয়। সেই সময় পোস্ট অফিসে বহু মানুষ বিভিন্ন কাজে এসেছিলেন। বিশেষ করে এখানে পাসপোর্ট পরিষেবার অফিসও থাকায় অনেকেই পাসপোর্ট সংক্রান্ত কাজে এসেছিলেন।

হঠাৎ এই ঘটনার জেরে পোস্ট অফিস ও পাসপোর্ট অফিস— দুই জায়গাতেই কাজকর্মে ব্যাঘাত ঘটে এবং অনেক সাধারণ মানুষকে কাজ না করেই ফিরে যেতে হয়।ঘটনাকে কেন্দ্র করে পোস্ট অফিসের কর্মী ও এলাকাবাসীদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরে বিষয়টি সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয় বলে জানান রায়গঞ্জ জেলা পোস্ট অফিসের পোস্টমাস্টার ইনচার্জ দীপন সরকার।তিনি জানান, দুপুরে হুমকির মেইল আসার পরপরই নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হুমকির মেইলের উৎস ও এর পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।