কালিয়াগঞ্জে ডাকবাংলো রোডে বালি–পাথরের স্তূপ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর | ১০ মার্চ:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ডাকবাংলো রোড ক্রমশই দুর্ঘটনার আশঙ্কায় ভরপুর হয়ে উঠছে। ব্যস্ততম এই সড়কের মাঝেই দীর্ঘদিন ধরে বালি ও পাথর ফেলে রাখায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখায় যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জানা গেছে, এলাকার একটি গলিতে ড্রেন নির্মাণের কাজ চলছে। সেই কাজের জন্য আনা বালি ও পাথর ঠিকাদার রাস্তার ধারে বা অন্য কোনও নির্দিষ্ট জায়গায় না রেখে সরাসরি ডাকবাংলো রোডের উপরই ফেলে রেখেছেন। অভিযোগ, কোনও রকম নিয়মকানুনের তোয়াক্কা না করেই গুরুত্বপূর্ণ এই রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দিনে যেমন পথচারী ও যানবাহনের চলাচল থাকে, তেমনি রাতেও এই রাস্তায় যথেষ্ট যান চলাচল হয়। ফলে অন্ধকারে বা অসাবধানতাবশত যে কোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত পৌরসভা বা পুলিশের তরফে তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।উল্লেখ্য, কালিয়াগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত সড়ক এই ডাকবাংলো রোড। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বাইক, টোটো, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সেই ব্যস্ত সড়কেই এভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে পৌরসভা ও ট্রাফিক পুলিশের হস্তক্ষেপ করে রাস্তা পরিষ্কার করা উচিত।এ বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা বিশ্বজিৎ কুন্ডু জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি বলেন, “খুব দ্রুতই স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”অন্যদিকে কালিয়াগঞ্জ থানার আইসি প্রণব সরকার জানান, বিষয়টি ট্রাফিক ওসিকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নিয়ে ব্যস্ততম এই রাস্তা থেকে বালি ও পাথরের স্তূপ সরিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

