কেন্দ্রের বঞ্চনার মাঝেই রাজ্যের মানবিক উদ্যোগ—‘বাংলার যুবসাথী’তে ভরসা কালিয়াগঞ্জের যুবসমাজের


তন্ময় চক্রবর্তী :– মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের নতুন জনমুখী প্রকল্প ‘বাংলার যুবসাথী’ শুরু হতে চলেছে। এই প্রকল্পের আওতায় কালিয়াগঞ্জ পৌর এলাকার যুবসমাজের সুবিধার্থে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ আবেদন গ্রহণের ক্যাম্প অনুষ্ঠিত হবে।কালিয়াগঞ্জ পৌরসভার ওয়ার্ড ১ থেকে ১৭—সবকটি ওয়ার্ডের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে আমবাগান মঠ প্রাঙ্গণে এই ক্যাম্প চলবে। নির্দিষ্ট ওয়ার্ডভিত্তিক তারিখ অনুযায়ী আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে কালিয়াগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান,“মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসমাজের ভবিষ্যতের কথা ভেবেই ‘বাংলার যুবসাথী’ প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীরা আর্থিক সহায়তা ও দিশা পাবেন।”তিনি আরও বলেন,“কালিয়াগঞ্জ পৌর এলাকার প্রত্যেক যোগ্য যুবক-যুবতী যাতে এই প্রকল্পের সুবিধা পান, সে জন্যই ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। সকলকে অনুরোধ, নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে আবেদন করুন।”এছাড়াও অনলাইন আবেদন প্রক্রিয়ার সুবিধার কথা উল্লেখ করে সুজিত সরকার জানান,“যাঁরা অনলাইনে আবেদন করতে চান, তাঁরা রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট www.wbsportsandyouth.gov.in থেকে নমুনা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।”উল্লেখ্য, এই ক্যাম্পে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখতে বলা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যুবসমাজকে স্বনির্ভর করে তুলতেই এই প্রকল্প বিশেষ ভূমিকা নেবে।সব মিলিয়ে ‘বাংলার যুবসাথী’ প্রকল্পকে ঘিরে কালিয়াগঞ্জের যুবসমাজের মধ্যে উৎসাহের পারদ চড়ছে। মুখ্যমন্ত্রীর এই নতুন উদ্যোগ যে যুবকদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সে বিষয়ে আশাবাদী সকলেই।