কুশমন্ডির উন্নয়নে বড় বার্তা তাপস রায়ের,রেল মানচিত্রে কুশমন্ডি, সঙ্গে পৌরসভা গঠনের আশ্বাস সদ্য জয়ী বিজেপি বিধায়কের
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ | ৭ মে :কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেলপথ নির্মাণের মধ্য দিয়ে কুশমন্ডিকে রেলের মানচিত্রে আনার পাশাপাশি কুশমন্ডিকে পৌরসভায় পরিণত করার উদ্যোগ নেবে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে নিজের বাড়িতে বসে এমনই আশ্বাস দিলেন সদ্য জয়ী বিজেপি বিধায়ক তাপস রায়।বিধায়ক তাপস রায় বলেন, “দীর্ঘদিন ধরে কুশমন্ডির মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। রেল যোগাযোগ থেকে শুরু করে শহরের পরিকাঠামো—সব ক্ষেত্রেই অবহেলা হয়েছে।

এবার মানুষের আশীর্বাদে বিজেপি সরকার সেই উন্নয়নের পথ খুলে দেবে।”তিনি অভিযোগ করেন, গত পাঁচ বছরে এলাকার প্রাক্তন বিধায়িকা কার্যত কোনও উন্নয়নমূলক কাজ করেননি। মানুষের সমস্যার সমাধানের বদলে সময় নষ্ট করেছেন বলেও কটাক্ষ করেন তিনি। তাপস রায়ের দাবি, “মানুষ ইভিএমের মাধ্যমে তার জবাব দিয়ে দিয়েছে।”কুশমন্ডির বেহাল নিকাশি ব্যবস্থা নিয়েও সরব হন নবনির্বাচিত বিধায়ক। তিনি বলেন, শহরে সঠিক ড্রেনেজ না থাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। পাশাপাশি এলাকার কলেজের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, এমন জায়গায় কলেজ তৈরি হয়েছে যেখানে বর্ষাকালে এক কোমর জল জমে যায় এবং ছাত্রছাত্রীরা আতঙ্কে সেখানে যেতে চায় না।তাপস রায় জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে কলেজটিকে অন্যত্র স্থানান্তরের বিষয়ে আলোচনা করা হবে। কুশমন্ডি শহরের আশেপাশে সুবিধাজনক স্থানে কলেজ সরিয়ে আনার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, “মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে ভয়মুক্ত পরিবেশ ও উন্নয়নের আশায়। কিন্তু সরকার গঠনের আগেই তৃণমূল বিভিন্ন জায়গায় খুনের রাজনীতি শুরু করেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”তৃণমূল নেতৃত্বকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তাপস রায় বলেন, “গণতন্ত্রে হার-জিত থাকবেই। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরও কেউ যদি মানুষের রায় মেনে নিতে না পারেন, তাহলে তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক।”এদিন কুশমন্ডিতে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানায় কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল উন্নয়ন ও রূপায়ণ কমিটি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক প্রসূন দাস, সহ-সম্পাদক ডঃ কাঞ্চন দে, কার্যকরী কমিটির সদস্য ভবেশ ভট্টাচার্য, অরুণ দত্ত, জয়গোপাল গোস্বামী সহ অন্যান্য সদস্যরা।

