কালিয়াগঞ্জে সুইমিং পুল প্রকল্পে বিতর্ক,কার্যকারিতা নিয়ে প্রশ্ন, সাংসদের আপত্তির পর স্থগিত নির্মাণকাজ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ | ৭ মে :কালিয়াগঞ্জ পৌরসভার নতুন সুইমিং পুল নির্মাণকে ঘিরে ফের জোর বিতর্ক শুরু হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের পর এবার সুইমিং পুলের নকশা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠায় আপাতত স্থগিত হয়ে গেল নির্মাণকাজ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আধুনিক মানের সুইমিং পুল তৈরির পরিবর্তে বিপুল অর্থ ব্যয় করে এমন একটি কাঠামো নির্মাণ করা হচ্ছিল যা ভবিষ্যতে কার্যকর হবে না বলেই অভিযোগ উঠেছে।

বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।এই প্রসঙ্গে রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পাল কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “যেভাবে সুইমিং পুল তৈরি করা হচ্ছে, তাতে সেখানে সুইমিংয়ের বদলে বাঙ্গাচির চাষ করা যেতে পারে।” তিনি দাবি করেন, নতুন রাজ্য সরকার গঠনের পর প্রকৃত আধুনিক মানের সুইমিং পুল নির্মাণ করা হবে, যাতে সাধারণ মানুষ ও খেলোয়াড়রা বাস্তবিক সুবিধা পান।সাংসদ আরও জানান, বর্তমানে যে নকশায় কাজ চলছে তা দীর্ঘমেয়াদে কোনও কাজে লাগবে না। তাই নতুনভাবে পরিকল্পনা করে উন্নত পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে।সাংসদের এই মন্তব্যের পরই বুধবার তড়িঘড়ি কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে সুইমিং পুলের নির্মাণকাজ স্থগিত করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।এ বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা বিশ্বজিৎ কুন্ডু এক সাক্ষাৎকারে জানান, পৌরসভার বড়বাবুর কাছ থেকে তিনি শুনেছেন যে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।বিশ্বজিৎ কুন্ডু বলেন, “রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভা শপথ নেবে। বর্তমানে ওনাদের সরকার এসেছে, তাই ওনারা না চাইলে কাজ এগোনো সম্ভব নয়, এটাই স্বাভাবিক।”ঘটনাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একাংশের দাবি, কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের আগে যথাযথ পরিকল্পনা ও বিশেষজ্ঞ মতামত নেওয়া উচিত ছিল। অন্যদিকে বিজেপির দাবি, উন্নয়নের নামে অপরিকল্পিত কাজের বিরুদ্ধে তারা সরব হয়েছেন এবং ভবিষ্যতে আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলা হবে।

