“কালিয়াগঞ্জে মাতৃশক্তির স্বনির্ভরতার বার্তা সাংসদ কার্তিক চন্দ্র পালের, বিপিসিএলের সহায়তায় সেলাই মেশিন বিতরণ”

তন্ময় চক্রবর্তী ;- মাতৃশক্তিকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে আয়োজিত হল একটি বিশেষ দক্ষতা উন্নয়ন কর্মসূচি। ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের অধীনস্থ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর উদ্যোগে এবং  এবং রসিদপুর দীপ জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি-র সহযোগিতায় এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তাঁরা প্রশিক্ষণের পাশাপাশি বাস্তব কাজের সুযোগ পান।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।

তিনি নিজ হাতে উপভোক্তা মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন এবং তাঁদের সঙ্গে কথা বলে ভবিষ্যতে আত্মনির্ভর হয়ে ওঠার জন্য উৎসাহ দেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, “মহিলাদের হাতে যদি কাজের সুযোগ ও প্রয়োজনীয় দক্ষতা তুলে দেওয়া যায়, তাহলে তাঁরা নিজের পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করতে পারবেন। একই সঙ্গে সমাজ ও দেশ এগিয়ে যাবে।” তিনি আরও জানান, কেন্দ্র সরকারের এই ধরনের প্রকল্প মহিলাদের ক্ষমতায়ন ও স্বনির্ভরতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।সাংসদ আরও বলেন, শুধুমাত্র প্রশিক্ষণ দিলেই দায়িত্ব শেষ হয় না, সেই প্রশিক্ষণ কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়াই এই উদ্যোগের আসল সাফল্য।

ভবিষ্যতেও এই ধরনের প্রকল্পের মাধ্যমে মহিলাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, সমাজকর্মী এবং প্রশিক্ষণপ্রাপ্ত বহু মহিলা উপস্থিত ছিলেন। সেলাই মেশিন পেয়ে খুশি উপভোক্তা মহিলারা জানান, এই সহায়তার ফলে তাঁরা বাড়িতে বসেই কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারবেন।এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং উপভোক্তা মহিলাদের মুখে স্পষ্ট হয়ে ওঠে আত্মনির্ভরতার আত্মবিশ্বাস।এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিমাই কবিরাজ, বিশিষ্ট সমাজসেবী গরিমা ব্যঙ্গানি সহ আরো অনেকে .