“ইটাহারে সুস্থ চোখ–সুস্থ জীবনের বার্তা বিধায়ক মোশাররফ হোসেনের, দ্বিতীয়বার ঐতিহাসিক ফ্রি মেগা চক্ষু পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প”

ছানিমুক্ত ইটাহার গড়ার লক্ষ্যকে সামনে রেখে এবং এলাকার মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইটাহারের সুরুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দ্বিতীয়বারের মতো আয়োজিত হল ঐতিহাসিক ফ্রি মেগা চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। এই মানবিক উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন।শিবিরে উপস্থিত থেকে বিধায়ক মোশাররফ হোসেন বলেন, সাধারণ মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি জানান, চোখের চিকিৎসা ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সকলের জন্য বিনামূল্যে করে দেওয়া গেলে সমাজ অনেকটাই সুস্থ ও সচেতন হয়ে উঠবে।

ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজনের মাধ্যমে মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।এই মেগা শিবিরে এলাকার সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ, চোখের জটিল রোগ ও ছানি শনাক্তকরণ, ছানি অপারেশন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।এছাড়াও এই মেডিকেল ক্যাম্পে অর্থোপেডিক বিশেষজ্ঞ, জেনারেল সার্জন, শিশু রোগ বিশেষজ্ঞ, নাক–কান–গলা (ইএনটি) বিশেষজ্ঞসহ একাধিক বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা করেন।শিবিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, এই ধরনের বিনামূল্যের স্বাস্থ্য শিবির সাধারণ মানুষের কাছে আশীর্বাদস্বরূপ। গোটা উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়ে এবং ইটাহারের মানুষের মধ্যে সুস্থ জীবনযাপনের নতুন আশার সঞ্চার হয়।