অমৃত ভারত প্রকল্পের স্টেশনেই নোংরার পাহাড়! কালিয়াগঞ্জ রেল স্টেশনের শিবমন্দিরের সামনে আবর্জনার স্তূপ ঘিরে ক্ষোভ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ২৮ জুলাই: কেন্দ্র সরকারের ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর অন্তর্ভুক্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনকে আধুনিকীকরণের কাজ চললেও স্টেশন চত্বরে পরিচ্ছন্নতার বেহাল ছবি ঘিরে উঠছে প্রশ্ন। স্টেশন সংলগ্ন শিবমন্দিরের সামনে দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনার স্তূপ জমে থাকায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। তাঁদের অভিযোগ, বিষয়টি দিনের পর দিন চোখে পড়লেও রেল কর্তৃপক্ষের তরফে আবর্জনা পরিষ্কারের কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।
স্থানীয়দের দাবি, প্রতিদিন বহু যাত্রী, ভক্ত এবং সাধারণ মানুষ এই পথ ব্যবহার করেন। শিবমন্দিরের সামনে আবর্জনা জমে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, পাশাপাশি স্বাস্থ্যবিধি নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। বর্ষার সময় এই আবর্জনা আরও বড় সমস্যা তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা প্রেমজিৎ সাহা বলেন, “কালিয়াগঞ্জ রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় রয়েছে। অথচ স্টেশন চত্বরে যদি এভাবে নোংরা-আবর্জনা পড়ে থাকে, তাহলে তা অত্যন্ত দুঃখজনক। উত্তর দিনাজপুর জেলার অন্যান্য রেলস্টেশন যখন অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন। সেখানে কালিয়াগঞ্জ স্টেশনের এই চিত্র সত্যিই লজ্জাজনক।”আর এক বাসিন্দা বিশাল কর্মকার বলেন, “স্টেশন চত্বরে এখনও যেভাবে অপরিচ্ছন্ন পরিবেশ রয়েছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি আমরা রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের নজরে আনব। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং স্টেশন চত্বরে যারা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত কিংবা পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন বলে আমাদের বিশ্বাস।”
স্থানীয়দের অভিযোগ, স্টেশন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ এবং বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা না থাকায় এই সমস্যা দিন দিন বাড়ছে। যাত্রীদেরও অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে এমন পরিবেশ রেলের ভাবমূর্তির সঙ্গে মোটেই মানানসই নয়।এলাকাবাসীর দাবি, শুধু আধুনিকীকরণের পরিকাঠামো তৈরি করলেই হবে না, স্টেশন চত্বরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। শিবমন্দিরের সামনে জমে থাকা আবর্জনা দ্রুত অপসারণ, নিয়মিত সাফাই অভিযান এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।এখন দেখার বিষয়, স্থানীয়দের অভিযোগের পর রেল কর্তৃপক্ষ কত দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগী হয় এবং অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত কালিয়াগঞ্জ রেল স্টেশনকে সত্যিই পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করে তুলতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।



