গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা, ১২ সদস্যের স্বাক্ষরে বিডিও অফিসে প্রস্তাব জমা
ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। পঞ্চায়েতের প্রধান খাদিজা খাতুনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন একাধিক পঞ্চায়েত সদস্য। সোমবার ইসলামপুর বিডিও অফিসে উপস্থিত হয়ে তাঁরা প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করেন।জানা গিয়েছে, ২২ আসনবিশিষ্ট গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে প্রধানের দায়িত্বে রয়েছেন খাদিজা খাতুন।
তাঁর বিরুদ্ধে ১২ জন পঞ্চায়েত সদস্য অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন, যা সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত বহন করছে।অনাস্থা প্রস্তাব জমা দেওয়া সদস্যদের অভিযোগ, পঞ্চায়েত পরিচালনা ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ তৈরি হয়েছিল। সেই কারণেই তাঁরা প্রধানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। যদিও প্রধান খাদিজা খাতুনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর এখন প্রশাসনিক নিয়ম মেনে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিশেষ সভা ডেকে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সভার ফলাফলের উপরই নির্ভর করবে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে খাদিজা খাতুন বহাল থাকবেন, নাকি নতুন প্রধান নির্বাচনের পথ প্রশস্ত হবে।গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং অনাস্থা ভোটের দিকেই।

