রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ সরস্বতী পূজা, প্রায় ৬ হাজার মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ
তন্ময় চক্রবর্তী, রায়গঞ্জ: রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা অনুষ্ঠিত হলো। এই পুজোকে কেন্দ্র করে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে বিদ্যালয় চত্বর পরিণত হয় উৎসবের মিলনক্ষেত্রে।জ্ঞানের দেবীর আরাধনায় অংশ নিতে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা সকলেই হলুদ পোশাকে সুসজ্জিত হয়ে অঞ্জলি প্রদান করেন এবং প্রসাদ গ্রহণ করেন। বিশেষভাবে দেবীর কাছে প্রার্থনা করা হয় বিদ্যালয়ের সেই সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাফল্যের জন্য, যারা আগামী ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ শুভেচ্ছা ও আশীর্বাদ বার্তাও প্রদান করা হয়।

গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে, এ বছরও বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় ২৫০ কেজি খিচুড়ি ও তরকারি দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয়, যা এলাকাবাসীর মধ্যে বিশেষ প্রশংসা কুড়িয়েছে।এদিকে রায়গঞ্জের দর্শনার্থীদের জন্য আজও বিকেল ৫টা থেকে প্রতিমা দর্শন উন্মুক্ত থাকবে। পাশাপাশি সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেবে ছাত্র-ছাত্রীরা।সার্বিকভাবে, রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের এই সরস্বতী পূজা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সৌহার্দ্য ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।এ প্রসঙ্গে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী গৌরাঙ্গ চৌহান বলেন,“সরস্বতী পূজা আমাদের কাছে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিকতার বীজ বপনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমান ও প্রাক্তন ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের মিলিত উদ্যোগেই এই পুজো আজ এমন বৃহৎ রূপ নিতে পেরেছে। বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য আমাদের শুভকামনা—তারা যেন আগামী পরীক্ষায় সাফল্যের সঙ্গে নিজেদের ও বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারে। সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের এই পুজোর মূল উদ্দেশ্য।”






