“স্বচ্ছতার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত: রিপোর্ট কার্ড হাতে জনগণের মুখোমুখি কৃষ্ণ কল্যাণী”

রায়গঞ্জ:মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও সহযোগিতায় রায়গঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী গত চার বছর আট মাসের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরলেন জনগণের সামনে।

বুধবার ০৯ নং গৌরী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সকল পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে একটি পূর্ণাঙ্গ “রিপোর্ট কার্ড” আনুষ্ঠানিকভাবে জনগণের মধ্যে বিতরণ করা হয়।এই অনুষ্ঠান শুধুমাত্র উন্নয়নের হিসাব দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি গণতান্ত্রিক জবাবদিহিতা ও স্বচ্ছতার এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে।

বিধায়ক কৃষ্ণ কল্যাণীর রিপোর্ট কার্ডে রায়গঞ্জ বিধানসভা এলাকা সহ ০৯ নং গৌরী অঞ্চলের অন্তর্ভুক্ত একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।রিপোর্ট কার্ডে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয়গুলি হল—গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ,শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোগত সম্প্রসারণ ,কৃষি ও সেচ ব্যবস্থায় একাধিক নতুন প্রকল্পের রূপায়ণ ,পানীয় জল ও বিদ্যুৎ সংযোগে উল্লেখযোগ্য অগ্রগতি ,যুব ও মহিলাদের জন্য স্বনির্ভরতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচিসভায় জানানো হয়, গত চার বছর আট মাসে রায়গঞ্জ বিধানসভা জুড়ে প্রায় ৫৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে শুধু ০৯ নং গৌরী অঞ্চলেই প্রায় ৬০ কোটি টাকার কাজ হয়েছে, যার মধ্যে ১৯ কোটি টাকা ব্যয়ে রাস্তা উন্নয়নের কাজ উল্লেখযোগ্য।বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, “জনগণের করের টাকায় যে উন্নয়ন হয়েছে, তার পূর্ণ হিসাব জনগণের সামনে তুলে ধরা আমার দায়িত্ব। এই রিপোর্ট কার্ড সেই দায়িত্ব পালনেরই একটি অংশ।”এই সভা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং সাধারণ মানুষের মতামত গ্রহণের ক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপস্থিত সাধারণ মানুষ সরাসরি জানতে পারেন তাঁদের নির্বাচিত প্রতিনিধি কীভাবে এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং আগামী দিনে কোন কোন ক্ষেত্রে আরও জোর দেওয়া হবে।সব মিলিয়ে, এভাবে রিপোর্ট কার্ড প্রকাশ জনসাধারণের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্ককে আরও স্বচ্ছ, দৃঢ় ও বিশ্বাসযোগ্য করে তুলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।