বারো মাসে তেরো পার্বণ’ থেকে ‘পার্বনিকা’! গ্রামবাংলার লোকসংস্কৃতি ও বাঙালির উৎসবের ঐতিহ্যে সাজছে মধ্য আখানগর রায়কলোনির শ্যামাপুজো
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৬ নভেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মধ্য আখানগর রায়কলোনি বারোয়ারি সর্বজনীন শ্যামাপুজো মানেই প্রতি বছর নতুন ভাবনা, সৃজনশীল মণ্ডপসজ্জা এবং প্রতিমার অভিনব রূপে দর্শনার্থীদের চমক দেওয়ার বিশেষ আয়োজন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

এবারের শ্যামাপুজোর থিমের নাম দেওয়া হয়েছে ‘পার্বনিকা’। অর্থাৎ বাঙালির চিরাচরিত ‘বারো মাসে তেরো পার্বণ’-এর সংস্কৃতি ও উৎসবের আবহকে মণ্ডপসজ্জার মধ্য দিয়ে তুলে ধরার অভিনব প্রয়াস।তবে এবারের পুজোয় আনন্দের পাশাপাশি জড়িয়ে রয়েছে এক গভীর আবেগ ও বিষাদের স্মৃতি। যাঁকে ঘিরে প্রতিবছর পুজোর নানা দায়িত্ব ও আয়োজন সামলানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা থাকত, এলাকার সেই সবার প্রিয় বড় ভাই এবার আর পুজোর দায়িত্ব সামলাতে উপস্থিত থাকবেন না। তাঁর অনুপস্থিতি পুজো কমিটির সদস্যদের মনে গভীর শূন্যতা তৈরি করেছে। এবারের পুজোয় যেন বড় ভাইয়ের স্মৃতিই হয়ে উঠেছে কমিটির সদস্যদের অন্যতম আবেগের জায়গা।পুজো কমিটির অন্যতম সদস্য সুজিত মহন্ত জানান, প্রতিবছর এলাকার সবার বড় ভাই অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পুজোর সমস্ত দায়িত্ব সামলাতেন। তাঁর অবদান ও ইচ্ছাকে সম্মান জানিয়েই এবারও সেই ঐতিহ্য বজায় রেখে শ্যামামায়ের পুজোর আয়োজন করা হচ্ছে।
তাঁর বিশ্বাস, বড় ভাইয়ের দেখানো পথ অনুসরণ করেই এবারের পুজো সুন্দরভাবে সম্পন্ন হবে।এবারের ‘পার্বনিকা’ থিমে বাংলার গ্রামীণ লোকসংস্কৃতি, ঐতিহ্য এবং সারা বছর ধরে বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে থাকা নানা উৎসব ও পার্বণকে মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। শহুরে জীবনের ব্যস্ততায় যে গ্রামবাংলার সহজ-সরল পরিবেশ ও নিজস্ব সংস্কৃতি ক্রমশ আড়ালে চলে যাচ্ছে, সেই চেনা ছবিকেই নতুনভাবে দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চাইছেন শিল্পীরা।বছরের বিভিন্ন সময়ে গ্রামবাংলার মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা উৎসব, পার্বণ, সামাজিক আনন্দ এবং লোকাচারের নানা মুহূর্ত মণ্ডপের সাজসজ্জায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। মণ্ডপে প্রবেশ করেই দর্শনার্থীরা যেন ফিরে পান বাংলার চেনা গ্রামীণ পরিবেশ, শৈশবের স্মৃতি এবং বাঙালির নিজস্ব উৎসবের ঐতিহ্য—সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে পুজো কমিটির প্রস্তুতি।সব মিলিয়ে মধ্য আখানগর রায়কলোনির এবারের শ্যামাপুজো শুধুমাত্র প্রতিমা দর্শন কিংবা মণ্ডপসজ্জার আকর্ষণ নয়, বরং বাঙালির সংস্কৃতি, গ্রামবাংলার ঐতিহ্য এবং প্রিয় বড় ভাইয়ের স্মৃতিকে একসূত্রে বেঁধে রাখার এক আবেগঘন প্রয়াস। ‘পার্বনিকা’ থিমের মধ্য দিয়ে দর্শনার্থীদের মনে কতটা জায়গা করে নিতে পারে এই পুজো, এখন সেটাই দেখার অপেক্ষা।
