ডেঙ্গু-ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত রুখতে কালিয়াগঞ্জ পৌরসভার বিশেষ উদ্যোগ! ১৭টি ওয়ার্ডে চলছে মশানাশক স্প্রে ও সাফাই অভিযান
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৬ নভেম্বর: উত্তর দিনাজপুর জেলায় ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবার আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করল কালিয়াগঞ্জ পৌরসভা। শহরবাসীকে মশাবাহিত রোগের হাত থেকে রক্ষা করতে পৌরসভার ১৭টি ওয়ার্ডজুড়ে জোরকদমে শুরু হয়েছে মশানাশক স্প্রে করার কাজ।

পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত সাফাই অভিযানও চালানো হচ্ছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর জেলার ৯টি ব্লকে মোট ২১৫ জন ডেঙ্গু আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। শুধু ডেঙ্গুই নয়, জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাও উদ্বেগ বাড়িয়েছে। এখনও পর্যন্ত ২০৬ জন ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।এই পরিস্থিতিতে মশাবাহিত রোগের সংক্রমণ রুখতে কোমর বেঁধে নেমেছে জেলা স্বাস্থ্য দপ্তর ও সংশ্লিষ্ট পৌরসভাগুলি।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস জানিয়েছেন, দুর্গাপুজোর আগে থেকেই জেলার ৯টি ব্লকের পাশাপাশি চারটি পৌরসভা এলাকায় সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশানাশক স্প্রে করার কাজ শুরু হয়েছে।কালিয়াগঞ্জ পৌরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের প্রতিটি ওয়ার্ডে অত্যন্ত গুরুত্ব সহকারে এই কাজ পরিচালনা করা হচ্ছে। পৌরসভার সাফাইকর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় আবর্জনা পরিষ্কার, নিকাশি ব্যবস্থা পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। বিশেষ করে যেখানে জল জমে মশার লার্ভা জন্মানোর আশঙ্কা রয়েছে, সেই সমস্ত এলাকার পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হচ্ছে।পৌরসভার এই উদ্যোগের মূল লক্ষ্য হল ডেঙ্গু ও ম্যালেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করা এবং শহরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।জেলায় ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের পরিসংখ্যান যখন উদ্বেগ বাড়াচ্ছে, তখন কালিয়াগঞ্জ পৌরসভার ১৭টি ওয়ার্ডে এই বিশেষ পরিচ্ছন্নতা ও মশানাশক স্প্রে অভিযান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভার পাশাপাশি সাধারণ মানুষকেও বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন হতে হবে।
