বাংলাদেশে পাচারের ছক? কালিয়াগঞ্জে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার হেমতাবাদের যুবক!

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ :- বাংলাদেশে মাদক পাচারের ছক কি ভেস্তে দিল বিএসএফ ও কালিয়াগঞ্জ থানার পুলিশ? গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিএসএফ ও কালিয়াগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর গৌরিপুর এলাকায়। এই ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি হেমতাবাদের ভাগনোইল এলাকায়। তার কাছ থেকে মোট ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, উত্তর দিনাজপুর জেলার ১ নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর গৌরিপুর এলাকায় এক যুবকের সন্দেহজনক গতিবিধির খবর পায় কালিয়াগঞ্জ থানার পুলিশ।

বিষয়টি বিএসএফ আধিকারিকদের জানানো হলে বিএসএফ জওয়ানরা ওই যুবকের ওপর নজরদারি শুরু করেন। এরপর কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ দত্তের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।আইনি প্রক্রিয়া মেনে তল্লাশি চালানোর জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে বিষয়টি জানানো হয়। এসডিও-র নির্দেশে কালিয়াগঞ্জের যুগ্ম বিডিও ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁর উপস্থিতিতেই তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

এই ঘটনায় কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ইটাহারের এসডিপিও মোহাম্মদ বজিউদ্দিন জানান, ধৃত যুবককে গ্রেফতার করে জেলা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কোনও আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তারও তদন্ত চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।।পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ফেন্সিডিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে। তবে এই পাচার পরিকল্পনার পিছনে কারা রয়েছে, এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।সব মিলিয়ে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারের এই ঘটনায় সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার চক্রের সম্ভাব্য যোগসূত্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের তদন্তে এবার কোন বড় চক্রের নাম সামনে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।