গেরুয়াঝড়ের বিপরীতে দাঁড়িয়ে নীল-সাদায় চমক! কালিয়াগঞ্জের ত্রিধারা সংঘের শ্যামা পুজোয় রাজনৈতিক চর্চা তুঙ্গে।রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, একজন দায়িত্বশীল বিজেপি নেতার নেতৃত্বাধীন ক্লাবে কেন এমন বিপরীত দৃশ্য?
তন্ময় চক্রবর্তী রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন এবং সর্বত্র গেরুয়া ঝড়ের দাপটের মাঝে সম্পূর্ণ বিপরীত এক চিত্র দেখল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ। চারিদিকে যখন গেরুয়া রঙের জয়জয়কার, ঠিক তখনই তার উলটো স্রোতে হেঁটে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে কালিয়াগঞ্জের অন্যতম বিগ বাজেটের পুজো—ত্রিধারা সংঘ। প্রতি বছরই এই পুজোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আলাদা উন্মাদনা থাকে, তবে এবারের পুজো মণ্ডপের থিম এবং রঙ নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা ও চর্চা।

এবারের শ্যামা পুজোয় ত্রিধারা সংঘের মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ নীল-সাদা রঙে। মণ্ডপের সামনে থেকে শুরু করে অন্দরমহল—সব জায়গাতেই নীল ও সাদার নিখুঁত ছোঁয়া ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে রাজ্যের অন্যান্য প্রান্তে বিরোধী হাওয়ায় নীল-সাদা রং প্রায় কোণঠাসা, সেখানে একটি ক্লাবের মণ্ডপে এই রঙের এমন রাজকীয় উপস্থিতি দর্শনার্থীদের মনে প্রশ্ন জাগিয়েছে।এই পুজোর নেপথ্যে থাকা ক্লাবের কর্ণধার তথা স্থানীয় বিজেপির কমিশনার বিভাস সাহা-কে নিয়েই মূলত যত কৌতূহল। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, একজন দায়িত্বশীল বিজেপি নেতার নেতৃত্বাধীন ক্লাবে কেন এমন বিপরীত দৃশ্য?এই বিষয়ে পুজো দেখতে আসা দর্শনার্থী ও সাধারণ মানুষের মধ্যেও বইছে মিশ্র প্রতিক্রিয়া:দর্শনার্থী প্রসেনজিৎ সরকারের মত: “রাজ্যের অন্যান্য জায়গায় যখন নীল-সাদা রঙ প্রায় ভ্যানিশ হয়ে যাওয়ার পথে, তখন বিজেপি নেতার ক্লাবেই এই রঙে মণ্ডপ সাজানো এক অন্য বার্তা দিচ্ছে। এর মাধ্যমে কি বোঝাতে চাওয়া হলো যে নীল-সাদা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি? বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক।”স্থানীয় বাসিন্দা রিয়া দাস জানান “রাজনীতি আর পুজোকে আলাদা রাখা উচিত ঠিকই, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে গেরুয়া শিবриর নেতার পুজোয় নীল-সাদার এমন রমরমা দেখে মুচকি হাসি তো আসতেই পারে। এর পেছনে অন্য কোনো গভীর রহস্য বা রাজনৈতিক সমীকরণও থাকতে পারে!”আরেক প্রবীণ দর্শনার্থী বলেন “রং তো রঙের জায়গায়, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের থিম নির্বাচন বেশ সাহসী পদক্ষেপ। দর্শনার্থীরাও দারুণ উপভোগ করছেন।”রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, যেখানে রাজনৈতিক রঙই এখন সবকিছুর চালিকাশক্তি হয়ে উঠেছে, সেখানে খাস একজন বিজেপি নেতার উদ্যোগে নীল-সাদা রঙের থিম ব্যবহার করা সাধারণ ঘটনা নয়। এর নেপথ্যে শুধুই কি শৈল্পিক ভাবনা নাকি অন্য কোনো সুদূর প্রসারী রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে—তা নিয়ে এখন চায়ের কাপে ঝড় উঠেছে কালিয়াগঞ্জের অলিগলিতে।সবমিলিয়ে, পুজো মণ্ডপের দেবীবন্দনার পাশাপাশি ত্রিধারা সংঘের এই নীল-সাদা ম্যাজিক এখন উত্তর দিনাজপুর জেলার সবচেয়ে বড় টক অফ দ্য টাউন!

