মায়ের মহাপূজার রাতেই নতুন মন্দির নির্মাণের ইঙ্গিত! সাংসদ কার্তিক পাল ও জেলাশাসকের তৎপরতায় আশার আলো, উচ্ছ্বসিত মা বয়রা কালীর হাজার হাজার ভক্ত
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৯ নভেম্বর: কথায় আছে, সবই উপরওয়ালার ইচ্ছা। তিনি যখন চান, তখনই অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহী জাগ্রত দেবী মা বয়রা কালীর মন্দিরকে ঘিরে এবার তেমনই এক নতুন আশার আলো দেখতে পাচ্ছেন মায়ের অগণিত ভক্তরা। দীর্ঘদিনের দাবি, পুরনো মন্দিরের পরিবর্তে একটি সুদৃশ্য ও দর্শনীয় নতুন মন্দির নির্মাণ। আর মা বয়রা কালীর মহাপূজার দিন সেই স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা দেখা দেওয়ায় ভক্তদের মধ্যে ছড়িয়েছে চাপা উচ্ছ্বাস।কালিয়াগঞ্জ শহরের অন্যতম প্রাচীন ধর্মীয় ঐতিহ্য মা বয়রা কালীমন্দির।
বছরের পর বছর ধরে হাজার হাজার ভক্ত এই মন্দিরে পুজো দিতে আসেন। অথচ সময়ের সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে নতুন নতুন মন্দির গড়ে উঠলেও মা বয়রা কালীর বর্তমান মন্দিরটি দীর্ঘদিন ধরেই পুরনো কাঠামোয় রয়ে গিয়েছে। তাই মায়ের একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও সুপরিকল্পিত মন্দির নির্মাণের দাবি দীর্ঘদিনের।এবার সেই দাবি পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন মায়ের ভক্তরা। কালীপুজোর রাতে মন্দির চত্বরে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং উত্তর দিনাজপুরের জেলাশাসক অভিজিৎ তুকারাম শেভালের মধ্যে নতুন মন্দির নির্মাণ নিয়ে একপ্রস্থ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
শুধু আলোচনা নয়, জেলাশাসককে মন্দির চত্বরের বিভিন্ন অংশ ঘুরে দেখতেও দেখা যায়। সাংসদ ও জেলাশাসকের এই তৎপরতাতেই নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন মা বয়রা কালীর ভক্তরা।মন্দির নির্মাণের বিষয়টি নিয়ে মা বয়রা পুজো কমিটির যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র জানান, এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে কালীপুজোর রাতে জেলাশাসকের সঙ্গে সাংসদ কার্তিক পালের আলোচনা হয়েছে এবং জেলাশাসক মন্দির চত্বর ঘুরে দেখেছেন, এটা ঠিক। এতেই ভক্তদের মনে নতুন মন্দির নির্মাণের সম্ভাবনা নিয়ে আশার সঞ্চার হয়েছে।বিদ্যুৎবাবু আরও বলেন, মা বয়রা কালীর একটি নতুন মন্দির নির্মাণ কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি। বহুবার পুজো কমিটির সাধারণ সভায় এ নিয়ে আলোচনা হয়েছে।
কিন্তু আজ পর্যন্ত বাস্তবে কোনও কাজ হয়নি। এবার যদি মা বয়রা নিজেই তাঁর মন্দিরের সংস্কার ও নতুন নির্মাণ চান, তাহলে নিশ্চয়ই সেই কাজ সম্ভব হবে। সবটাই মায়ের ইচ্ছা।তবে ভক্তদের আশা, এবার পরিস্থিতি হয়তো অন্য রকম।
তাঁদের বিশ্বাস, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বিষয়টি নিয়ে উদ্যোগী হলে নতুন মন্দির নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পথ অনেকটাই সহজ হতে পারে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রশাসনিক সহযোগিতাও মিলবে বলে আশাবাদী তাঁরা।সব মিলিয়ে মা বয়রা কালীর মহাপূজার রাতে নতুন মন্দির নির্মাণ নিয়ে সাংসদ ও জেলাশাসকের আলোচনা কালিয়াগঞ্জবাসীর মনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তবে কবে নাগাদ মন্দির নির্মাণের কাজ শুরু হবে, তার জন্য এখন প্রশাসনিক সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন মায়ের অগণিত ভক্ত। তাঁদের একটাই প্রার্থনা—মায়ের কৃপায় বহুদিনের স্বপ্ন এবার বাস্তবের রূপ পাক।
