বাঁকুড়ার ইন্দাসে অদ্ভূত ঐতিহ্য: স্বপ্নাদেশে ৪০ বছর ধরে জীবন্ত কালী রূপে পুজো পাচ্ছেন সাঁতরা পরিবারের বড় বউ!

ইন্দাস, বাঁকুড়া: গলায় রক্তজবার মালা, কপালে রক্তচন্দনের চওড়া তিলক—প্রতিমার বদলে দেবীর আসনে বসে আছেন পরিবারের জীবন্ত মানুষ! বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মির্জাপুর গ্রামের সাঁতরা পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এমনই এক রোমাঞ্চকর ও ভক্তিপূর্ণ রীতি। সেখানে প্রতিমা নয়, স্বয়ং পরিবারের বড় বধূকে মানবী কালী রূপে পুজো করা হয়। দীর্ঘ ৪০ বছর ধরে এই প্রথা মেনে দেবীর আসনে পুজিতা হয়ে আসছেন সাঁতরা পরিবারের প্রবীণ বড় বউ হীরাবালা সাঁতরা।

পরিবারের দাবি, কয়েক পুরুষ আগে সাঁতরা পরিবারের এক পূর্বপুরুষকে স্বপ্নে দেখা দিয়ে স্বয়ং মা কালী নির্দেশ দেন—বাড়ির বড় বধূকেই দেবীরূপে আরাধনা করতে হবে। সেই থেকে শুরু। আজও সেই ঐতিহ্য ও রীতিতে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। দীপাবলির পুজো ছাড়াও কালীপুজোর পরের দিন দেবী ঘট বিসর্জনের আগে নিয়ম মেনে আরও একবার এই ‘জ্যান্ত মা’-কে পুজো ও বরণ করা হয়। এই অভূতপূর্ব মুহূর্ত ও অলৌকিক পুজো স্বচক্ষে দেখতে প্রতিবছরই সাঁতরা বাড়িতে ভিড় জমান দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য দর্শনার্থী।সাঁতরা পরিবারের বড় বউ হীরাবালা দেবী নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, “প্রায় ৪০ বছর ধরে আমাকে দেবী আসনে বসানো হচ্ছে। মায়ের ইচ্ছাতেই আমি এই পবিত্র আসনে বসি। পুজো যখন শুরু হয়, আমি বাস্তব জগৎ থেকে যেন একদম হারিয়ে যাই। এক অদ্ভুত ও অলৌকিক অনুভূতি আমাকে আচ্ছন্ন করে রাখে। পুজো শেষ হওয়ার পর ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসি।”