খাত্রিয়াতে শুভ সূচনা ঠাকুর পঞ্চানন বর্মা মেলার—উত্তরবঙ্গের ইতিহাস ও লোকসংস্কৃতির মিলনমেলা

উত্তর দিনাজপুর, করনদীঘি:করনদীঘি থানার খাত্রিয়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো ঐতিহ্যবাহী ঠাকুর পঞ্চানন বর্মা মেলার। ঠাকুর পঞ্চানন বর্মা মেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করনদীঘির প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহা, সমাজসেবী হাজী সাহাবুদ্দিন, রাজবংশী নেতা রমেশচন্দ্র সিনহা সহ সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজনেরা।উদ্যোক্তারা জানান, এবছর এই মেলা ২৫তম বর্ষে পদার্পণ করল।

তিনদিনব্যাপী এই মেলায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে জ্ঞানী, গুণী, লেখক, পণ্ডিত, সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে নানা গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।মেলায় মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার সমাজ সংস্কারমূলক অবদান ও কৃতিত্ব, উত্তরবঙ্গের মানুষের সংস্কৃতি, উত্তরবঙ্গ তথা কামতাপুরের গৌরবময় ইতিহাস, কামতাপুরী ভাষা ও সাহিত্য এবং সমাজজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।এদিন করনদীঘির প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহা বলেন,“এই মেলায় উত্তরবঙ্গের লোকসংস্কৃতি তুলে ধরতে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে শিল্পীরা অংশগ্রহণ করছেন।”অন্যদিকে রাজবংশী নেতা রমেশচন্দ্র সিনহা জানান,“এই মেলা থেকে সমাজে বাল্যবিবাহ বন্ধ ও পণপ্রথার বিরুদ্ধে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হবে।”মোটের উপর, ঠাকুর পঞ্চানন বর্মা মেলা উত্তরবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও সমাজচেতনার এক গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয় মানুষজন।