কালিয়াগঞ্জে মা বয়রা কালী মন্দিরে ভক্তদের মহাপ্রসাদ বিতরণ: প্রসাদ পরিবেশনে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল

কালিয়াগঞ্জ, ৯ নভেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীন মা বয়রা কালী মন্দিরে বাৎসরিক পূজা উপলক্ষে আয়োজিত হলো বিশাল মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান। রবিবার পুজো উদযাপনের পর, সোমবার দুপুর থেকে মন্দির প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মায়ের প্রসাদ গ্রহণের জন্য দুপুর থেকেই হাজার হাজার ভক্তের ঢল নামে মন্দির চত্বরে।সোমবার দুপুরে মা বয়রা কালীর মন্দিরে উপস্থিত হন কালিয়াগঞ্জের ভূমিপুত্র তথা রায়গঞ্জের মাননীয় সাংসদ এবং কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পাল। মন্দিরে পৌঁছে তিনি কেবল উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ই করেননি, বরং নিজেও প্রসাদের বালতি হাতে নিয়ে সাধারণ ভক্তদের পাতে প্রসাদ পরিবেশন শুরু করেন।

সাংসদের এমন সাধারণ ও বিনম্র আচরণে মুগ্ধ উপস্থিত সমস্ত ভক্তগণ।মা বয়রা কালী মন্দির কমিটির সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র রায়গঞ্জের সাংসদের ভূয়সী প্রশংসা করে জানান, “আমাদের কালিয়াগঞ্জের ভূমিপুত্র রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জ পৌরসভার প্রধান কার্তিক পাল মহাশয় প্রতি বছরই মা বয়রা কালীর পূজার প্রসাদ বিতরণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এমন একজন মাটির মানুষকে সাংসদ ও পৌরপিতা হিসেবে পেয়ে আমরা সত্যিই অত্যন্ত গর্বিত ও আনন্দিত।”মন্দির কমিটি সূত্রে জানানো হয়েছে, সোমবার দুপুর ২টো থেকে এই মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে। ভক্তদের উপচে পড়া ভিড় বিবেচনা করে আনুমানিক রাত ১০টা পর্যন্ত এই প্রসাদ বিতরণ কর্মসূচি নিরবচ্ছিন্নভাবে চলবে।