সংবিধানই গণতন্ত্রের শক্তি, ছাত্রছাত্রীরাই আগামীর ভারত! কালিয়াগঞ্জ কলেজে সংবিধান দিবসের অনুষ্ঠানে সাংসদ কার্তিক চন্দ্র পালের বিশেষ বার্তা!

 

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ,২৬ নভেম্বর :-সংবিধান জানো, অধিকার বোঝো, দেশ গড়ার কাজে এগিয়ে এসো! ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলার বার্তা নিয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ভারতের সংবিধান দিবস। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের অডিটোরিয়ামে আয়োজিত হয় সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষা ডঃ পুষ্পা কুমারী, ইয়ুথ আইকন গীতা বর্মন, যুব আধিকারিক কিশোর বর্মন, কালিয়াগঞ্জ পৌরসভার কমিশনার বিভাস সাহা এবং কলেজের এনসিসি ইউনিটের ক্যাপ্টেন অরূপ দাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

সংবিধান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, ভারতবর্ষের সংবিধান শুধুমাত্র একটি লিখিত বই নয়।

এই সংবিধান দেশের প্রায় ১৪০ কোটি মানুষের ব্যক্তি স্বাধীনতা, অধিকার এবং নাগরিক হিসেবে তাঁদের প্রাপ্য মর্যাদার ভিত্তি।তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে ছাত্রছাত্রীদের মধ্যে সংবিধান নিয়ে যথেষ্ট আলোচনা হয়নি। অথচ আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভারতবর্ষের চালিকাশক্তি।

তাই স্কুল-কলেজের পড়ুয়াদের সংবিধান কী, নাগরিক হিসেবে তাঁদের অধিকার কী এবং দেশের প্রতি তাঁদের দায়িত্ব কতটা—সেই সম্পর্কে বিস্তারিত জানতে হবে।সাংসদ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শুধু কলেজে পড়াশোনা করেই নিজেদের কর্তব্য শেষ করলে চলবে না। আগামী দিনের দায়িত্বশীল নাগরিক ও দেশ পরিচালনার যোগ্য মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে।নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে কার্তিক চন্দ্র পাল বলেন, এই কালিয়াগঞ্জ কলেজেই পড়াশোনা করেছেন তিনি।

 

পরবর্তীতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে দিল্লিতে সাংসদ হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর আশা, এই কলেজ থেকেই আগামী দিনে আরও কেউ বিধায়ক কিংবা সাংসদ হয়ে কালিয়াগঞ্জ শহরের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডঃ পুষ্পা কুমারী।

 

এছাড়াও বক্তব্য রাখেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, যুব আধিকারিক কিশোর বর্মন, ইয়ুথ আইকন গীতা বর্মন এবং কলেজের এনসিসি ইউনিটের ক্যাপ্টেন অরূপ দাস।অনুষ্ঠানের শেষ পর্বে ভারতের সংবিধানকে কেন্দ্র করে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংবিধান সম্পর্কে পড়ুয়াদের জ্ঞান ও সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন কলেজের অধ্যাপিকা সোনালী চক্রবর্তী।পড়াশোনার পাশাপাশি সংবিধান সম্পর্কে জ্ঞান, নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা এবং দেশ গড়ার মানসিকতা—এই বার্তাকেই সামনে রেখে কালিয়াগঞ্জ কলেজে সংবিধান দিবস উদযাপন এক বিশেষ মাত্রা পেল।