কৃষকদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ! প্রথমবার বিনামূল্যে উন্নত মানের আলুর বীজ বিতরণ শুরু ইটাহারে, উপকৃত হবেন আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক!
কৃষকদের পাশে দাঁড়াতে এবার বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের! আলু চাষে উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে লাভবান করার লক্ষ্যে প্রথমবার বিনামূল্যে উন্নত মানের আলুর বীজ বিতরণ শুরু করল ইটাহার ব্লক কৃষি দফতর। সরকারি এই উদ্যোগে খুশি এলাকার কৃষক মহল। ব্লকের প্রায় আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে পর্যায়ক্রমে উন্নত মানের আলুর বীজ তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।বৃহস্পতিবার ইটাহার ব্লকের শ্রীপুর কৃষি দফতরের কিষান মান্ডি এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বীজ বিতরণ কর্মসূচির সূচনা হয়। প্রথম দিনেই মোট ৩৫০ জন কৃষকের হাতে বিনামূল্যে আলুর বীজ তুলে দেওয়া হয়।
প্রত্যেক কৃষককে এক কুইন্টাল করে, অর্থাৎ দুই বস্তা উন্নত মানের আলুর বীজ প্রদান করা হয়েছে।পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষের খরচের বোঝা কিছুটা কমানো এবং উন্নত মানের বীজের মাধ্যমে আলু উৎপাদনে উৎসাহিত করা। বিশেষ করে যাঁরা সীমিত জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন, তাঁদের কাছে এই সরকারি সহায়তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, ইটাহার ব্লকের মোট আড়াই হাজার কৃষককে এই প্রকল্পের আওতায় বিনামূল্যে উন্নত মানের আলুর বীজ দেওয়া হবে। প্রথম দিনের কর্মসূচিতে ৩৫০ জন কৃষককে বীজ দেওয়ার পর আগামী দিনগুলিতেও পর্যায়ক্রমে বাকি কৃষকদের হাতে সরকারি এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।এই উদ্যোগ প্রসঙ্গে ইটাহার ব্লকের সহ-কৃষি অধিকর্তা গৌরব সাহা জানান, উন্নত মানের আলুর বীজ ব্যবহার করে কৃষকরা আগামী দিনে ভালো ফলন পাবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে আলু চাষে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকরাও আর্থিকভাবে লাভবান হতে পারবেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-কৃষি সম্প্রসারণ আধিকারিক স্বরূপ মজুমদার-সহ কৃষি দফতরের অন্যান্য আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে কৃষকদের হাতে বিনামূল্যে আলুর বীজ তুলে দেওয়া হয়।সব মিলিয়ে রাজ্য সরকারের এই উদ্যোগ ইটাহার ব্লকের ক্ষুদ্র ও প্রান্তিক আলুচাষিদের কাছে নতুন আশার আলো নিয়ে এসেছে। চাষের মরশুমে বিনামূল্যে উন্নত মানের বীজ পাওয়ায় একদিকে যেমন কৃষকদের প্রাথমিক খরচের চাপ কমবে, অন্যদিকে উন্নত ফলনের মাধ্যমে তাঁদের আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে।এবার দেখার, সরকারি এই উদ্যোগের সুফল মাঠে কতটা প্রতিফলিত হয় এবং উন্নত মানের আলু উৎপাদনের মাধ্যমে ইটাহারের কৃষকদের মুখে কতটা হাসি ফোটে।

