মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য ইসলামপুর জেলা পুলিশের! বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় দেড় কেজি ওজনের ব্রাউন সুগার। ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত
উত্তর দিনাজপুর: মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল ইসলামপুর জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডালখোলার বস্তাডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে একটি বোলেরো গাড়ি থেকে উদ্ধার হল প্রায় দেড় কেজি ওজনের ব্রাউন সুগার।

এই ঘটনায় গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং সাংবাদিক সম্মেলন করে এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, গোপন সূত্রে মাদক পাচারের খবর পাওয়ার পরই বিশেষ পরিকল্পনা করে বস্তাডাঙ্গী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। সেই সময় সন্দেহভাজন বোলেরো গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করা হয়।পুলিশ সুপার আরও জানান, ধৃতদের ব্যবহৃত বোলেরো গাড়িটি মালদা থেকে আসছিল। গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পুলিশের এই অভিযান পরিচালিত হয়।সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার বলেন, ভারত সরকারের ‘নেশামুক্ত ভারত’ গড়ার লক্ষ্য এবং মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশকে সামনে রেখে রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকেও মাদক পাচার ও অবৈধ কারবারের বিরুদ্ধে নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে।মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পাচারচক্রের বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামী দিনেও লাগাতার চলবে বলে স্পষ্ট জানিয়েছেন পুলিশ সুপার।বোলেরো গাড়িতে প্রায় দেড় কেজি ব্রাউন সুগার উদ্ধারের এই ঘটনাকে কেন্দ্র করে ডালখোলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

