দীপাবলির আগে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে কালিয়াগঞ্জ পুলিশের কড়া অভিযান! লক্ষাধিক টাকার বাজি উদ্ধার, গ্রেফতার ২

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৬ নভেম্বর: দীপাবলির আগে নিষিদ্ধ বাজির অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল কালিয়াগঞ্জ থানার পুলিশ। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনি এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করার পাশাপাশি দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজির আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দত্ত এক সাক্ষাৎকারে জানান, গোপন সূত্রে খবর পেয়ে শান্তি কলোনি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

 

ধৃতদের নাম নিমাই মাহাতো (২১), বাড়ি পূর্ব আখানগর পালপাড়া এবং ধরণী সরকার (২৮), বাড়ি মজলিশপুর, কালিয়াগঞ্জ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত নিষিদ্ধ বাজি কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। দীপাবলির মরশুমে নিষিদ্ধ বাজির অবৈধ বিক্রি ও মজুত রুখতে পুলিশের এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।উৎসবের আনন্দের আড়ালে যাতে নিষিদ্ধ বাজির কারবার চলতে না পারে, সেদিকে নজরদারি বাড়িয়েছে পুলিশ। আগামী দিনেও এ ধরনের অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান জারি থাকবে বলে মনে করা হচ্ছে।দীপাবলির মুখে কালিয়াগঞ্জ পুলিশের এই অভিযানে নিষিদ্ধ বাজি বিক্রেতাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।