চিকিৎসক-নার্সদের নিরাপত্তার দাবিতে ইসলামপুরে তীব্র বিক্ষোভ, দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

 

রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের ওপর হামলার প্রতিবাদে সোমবার ইসলামপুরে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কর্মীরা। হাসপাতালের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিলের পাশাপাশি অবস্থান কর্মসূচিও পালন করেন।এদিন হাসপাতাল চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন অংশ পরিক্রমা করে হাসপাতালের মূল প্রবেশদ্বারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে চিকিৎসক,

নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হন। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। হাসপাতালের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে তাঁরা একযোগে সরব হন।বিক্ষোভকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এই ধরনের ঘটনার ফলে একদিকে যেমন স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হচ্ছে, অন্যদিকে তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার ওপরও।প্রতিবাদকারীদের দাবি, হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। যে বা যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হাসপাতালগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানান তাঁরা।আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন পর্যায়ে অব্যাহত থাকবে।