ইসলামপুরের নাম বদলে ‘ঈশ্বরপুর’ ও পূর্ণাঙ্গ জেলার দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের র্যালি, আন্দোলন জোরদারের ঘোষণা

ইসলামপুর শহরের নাম পরিবর্তন করে ‘ঈশ্বরপুর’ এবং ইসলামপুরকে পূর্ণাঙ্গ ‘ঈশ্বরপুর জেলা’ ঘোষণার দাবিতে রবিবার বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ র্যালি ও পথসভার আয়োজন করা হয়।এদিন শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি বাস টার্মিনাসে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভার আয়োজন করা হয়।পথসভায় বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দ বলেন, ইসলামপুরের নাম পরিবর্তন করে অবিলম্বে ‘ঈশ্বরপুর’ ঘোষণা করতে হবে। পাশাপাশি ইসলামপুরকে পূর্ণাঙ্গ ‘ঈশ্বরপুর জেলা’ হিসেবে গড়ে তোলার দাবিও জানান তাঁরা। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরেই এই নাম পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা।বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নাবিন ইসলামপুর সফরের সময় শহরের নাম ‘ঈশ্বরপুর’ করার পক্ষে মত প্রকাশ করেছিলেন বলেও তাঁরা দাবি করেন।সভা থেকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইসলামপুরের নাম পরিবর্তন করে ‘ঈশ্বরপুর’ করার দাবিতে তাঁদের আন্দোলন আগামী দিনেও আরও জোরদার করা হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।