কালিয়াগঞ্জে চিকিৎসার নতুন যুগের সূচনা—উদ্বোধন হলো ‘সুষ্পর্শা মাল্টি স্পেশালিটি হাসপাতাল’
তন্ময় চক্রবর্তী :-স্বাস্থ্য ব্যবস্থা যে কোনও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ—এই কথা উল্লেখ করে কালিয়াগঞ্জে সদ্য উদ্বোধন হওয়া ‘সুস্পর্শ’ বেসরকারি নার্সিংহোমকে এক মহৎ উদ্যোগ বলে আখ্যা দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। নার্সিংহোমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, কালিয়াগঞ্জে আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, বিগত দিনে রাজ্য সরকার কালিয়াগঞ্জে আড়াইশো শয্যার একটি সরকারি হাসপাতালের কাজ শুরু করেছে এবং ইতিমধ্যেই সেখানে একাধিক বিভাগ চালু হয়ে গিয়েছে। আগামী এক বছরের মধ্যেই সমস্ত বিভাগ সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে বলে তিনি আশাবাদী। এর পাশাপাশি আজ ‘সুস্পর্শ’ নার্সিংহোমের উদ্বোধনের মাধ্যমে কালিয়াগঞ্জের স্বাস্থ্য পরিকাঠামো আরও একধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ধাপে ধাপে বিভিন্ন বিভাগ চালু করছে এবং অদূর ভবিষ্যতে সম্পূর্ণ পরিষেবা শুরু হবে।


দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এসে কালিয়াগঞ্জে এই ধরনের একটি নার্সিংহোম স্থাপন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। তাঁর মতে, এই উদ্যোগ আগামী দিনে সমগ্র উত্তরবঙ্গে ছড়িয়ে পড়বে এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় বড়সড় পরিবর্তন আনবে।বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, এতদিন উন্নত চিকিৎসার জন্য কালিয়াগঞ্জের মানুষকে মূলত রায়গঞ্জের উপর নির্ভর করতে হতো।

কিন্তু এখন কালিয়াগঞ্জেই উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে, ফলে শহরটি অনেকটাই আত্মনির্ভর হয়ে উঠছে। ‘সুস্পর্শ’ নার্সিংহোম চালু হওয়ায় কালিয়াগঞ্জের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলেও তিনি মন্তব্য করেন।কালিয়াগঞ্জ শহরে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘সুষ্পর্শা মাল্টি স্পেশালিটি হাসপাতাল’।

আধুনিক চিকিৎসা পরিষেবা, উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাকে হাতের নাগালে আনতেই এই হাসপাতালের সূচনা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের বোর্ড অফ ডিরেক্টর রাজীব পাল, কৌশিক দে, সৌমিক দে, প্রবীর কুমার সাহা, আশিষ জাজদিয়া, সুপ্রতীক চৌধুরী, নিবেশ পাল ও কৃষ্ণ দাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সমাজকর্মীরা।ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি বিজু কুন্ডু।

এদিন এই হাসপাতালের ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে হাসপাতালের যাত্রা শুরু করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি বিজু কুন্ডু। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, সমাজসেবী অসীম ঘোষ ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,বিশিষ্ট সমাজসেবী নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জের প্রাক্তন পৌরপতি রাম নিবাস সাহা, পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি শংকর কুন্ডু, রায়গঞ্জের বিশিষ্ট ডাক্তার ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু, কালিয়াগঞ্জ এর বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী সুনীল সাহা । গোটা অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও আগ্রহ।উল্লেখযোগ্যভাবে, এই হাসপাতালে একই ছাদের নিচে রেডিওলজি, নিউরোলজি, কার্ডিওলজি,গ্যাস্ট্রোএন্টারোলজি, ইউরোলজি ও অপথ্যালমোলজি-সহ একাধিক বিভাগের আধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৯৬–স্লাইস সিটি স্ক্যান পরিষেবা এবং সম্পূর্ণ কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব, যা কালিয়াগঞ্জে এই প্রথম।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে কম খরচে মানসম্মত চিকিৎসা পরিষেবা প্রদানই তাঁদের মূল লক্ষ্য। এই হাসপাতাল চালু হওয়ায় কালিয়াগঞ্জ ও আশপাশের এলাকার মানুষদের আর চিকিৎসার জন্য রায়গঞ্জ কিংবা অন্য বড় শহরে ছুটতে হবে না।দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জে কোনও নার্সিংহোম না থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে রাতের বেলায় ওষুধের দোকান বন্ধ থাকার কারণে রোগীর পরিবারকে সমস্যায় পড়তে হতো।
এবার সেই সমস্যার অবসান ঘটতে চলেছে। জানা গেছে, এই নার্সিংহোমটি ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং হাসপাতাল চত্বরে থাকা মেডিসিনের দোকান থেকেও দিন–রাত ২৪ ঘণ্টাই ওষুধ পাওয়া যাবে।স্থানীয় বাসিন্দাদের মতে, ‘সুষ্পর্শা মাল্টি স্পেশালিটি হাসপাতাল’ চালু হওয়ার মাধ্যমে কালিয়াগঞ্জে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যা নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর।সুস্পর্শ বেসরকারি নার্সিংহোমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে হাসপাতালের পক্ষ থেকে নিজের বক্তব্য রাখতে গিয়ে ডক্টর রাজীব পান্ডে বলেন, “কালিয়াগঞ্জ ও আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে আধুনিক ও মানসম্মত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”তিনি জানান, সুস্পর্শ নার্সিংহোমে প্রথম পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ চালু করা হয়েছে এবং ধাপে ধাপে সমস্ত আধুনিক চিকিৎসা বিভাগ এখানে চালু করা হবে।

অত্যাধুনিক পরিকাঠামো, উন্নত যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।ডঃ পান্ডে আরও বলেন, “এতদিন কালিয়াগঞ্জের মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরে যেতে হতো। আমরা চাই এখানকার মানুষ যেন নিজের শহরেই বিশ্বাসযোগ্য ও উন্নত চিকিৎসা পরিষেবা পান। সেই লক্ষ্য নিয়েই এই নার্সিংহোমের যাত্রা শুরু।”তিনি জোর দিয়ে বলেন, রোগী পরিষেবার ক্ষেত্রে মানবিকতা ও স্বচ্ছতাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। চিকিৎসার মানের সঙ্গে কোনও আপস না করে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে পরিষেবা দেওয়াই সুস্পর্শ নার্সিংহোমের অঙ্গীকার।সবশেষে তিনি কালিয়াগঞ্জবাসীর সহযোগিতা ও আশীর্বাদ কামনা করে বলেন, “সকলের সহযোগিতায় এই হাসপাতাল আগামী দিনে শুধু কালিয়াগঞ্জ নয়, উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হবে।”




