যুবশ্রী ভাতা নয়, এটা নিছক ভোটের টোপ—ভাতা নয়, কাজ চাই: বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ
বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস সরকারের চালু করা ‘যুবশ্রী’ প্রকল্পকে কড়া ভাষায় আক্রমণ করল বিজেপি। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, “যুবশ্রী নামে যে ভাতা চালু করা হয়েছে, তা ভাতা ছাড়া আর কিছুই নয়। রাজ্য সরকার বেকারদের কাজ দিতে ব্যর্থ হয়ে এখন ভাতা দিয়ে ভাঁওতা দিচ্ছে।

”তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস আগামী দিনে ক্ষমতায় থাকবে কি না, তা নিয়েই বড় প্রশ্নচিহ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে এপ্রিল মাস থেকে কীভাবে এই ভাতা দেওয়া হবে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, “যে সরকার নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চিত, তারা বেকার যুবকদের স্থায়ী ভবিষ্যৎ কীভাবে দেবে?”নিমাই কবিরাজ স্পষ্ট ভাষায় জানান, যুব সমাজের প্রয়োজন ভাতা নয়, স্থায়ী কর্মসংস্থান। তিনি বলেন, “ভাতা দিয়ে কোনও পরিবারের ভবিষ্যৎ গড়া যায় না। কাজ থাকলেই আত্মসম্মান, আর্থিক নিরাপত্তা ও উন্নয়ন সম্ভব। কিন্তু রাজ্য সরকার সেই কাজ দিতে না পেরে যুবশ্রী নামে শুধু ফরম ফিলাপ করাচ্ছে।”বিজেপির জেলা সভাপতির অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় বেকার যুবক-যুবতীদের বিভ্রান্ত করতে এই প্রকল্পকে সামনে আনা হয়েছে, যা পুরোপুরি একটি ভোটমুখী রাজনৈতিক কৌশল। তিনি দাবি করেন, তৃণমূল সরকার ক্ষমতায় এসে রাজ্যে শিল্প, কলকারখানা ও বিনিয়োগের পরিবেশ ধ্বংস করেছে, যার ফলেই আজ লক্ষ লক্ষ যুবক কর্মহীন।এই প্রসঙ্গে বিজেপির তরফে যুবশ্রী প্রকল্পের তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানানো হয়। নিমাই কবিরাজ বলেন, “আমরা রাজ্য সরকারের এই ভাঁওতাবাজির বিরুদ্ধে পথে নামব। বিজেপি যুবকদের জন্য ভাতা নয়, বাস্তব কর্মসংস্থানের রাজনীতি করে।”বিজেপির এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


![]()



