তৃণমূলের মদতে জেলা প্রশাসন এস আই আরের বিরুদ্ধে কাজের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২ ফেব্রুয়ারী: সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণ জোড়ায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তর দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন আপনারা জানেন এই রাজ্যে এস আই আর নিয়ে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে চলেছেন শুধু তিনিই নন প্রতিটি জেলার মত উত্তর দিনাজপুর জেলার প্রশাসনকে এস আই আরের বিরুদ্ধে কাজে লাগিয়ে তাদের পরামর্শ মত এবং আইপাকের সহযোগিতায় নানান ধরনের ভুল ভ্রান্তি করানোর ব্যাবস্থা চলছে।

সম্প্রতি খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশীদের রোহিঙ্গাদের নাম সেখানে আছে।তাদের নাম বাদ দেবার জন্য ৭ নম্বর ফর্ম আমাদের জমা নেয়নি জেলা প্রশাসন। এর পরেও তৃণমূল এবং আই পাকের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে সাধারন ভোটারদের ভয় দেখানো হচ্ছে নানা ভাবে।এসবের প্রতিবাদে আমরা আজ দশ দফা দাবির ভিত্তিতে প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়।বিজেপির ডেপুটেশনকে কেন্দ্র করে জেলা প্রশাসন দপ্তরে ব্যাপক পুলিশি ব্যাবস্থা নেওয়া হয়।বিজেপির এই বিক্ষোভে উত্তর দিনাজপুর জেলার বিজেপির বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিল বলে জানা যায়।






