সম্মান, সম্প্রীতি ও সুস্থ সমাজ গঠনের বার্তায় ইটাহারে ধারাবাহিক কর্মসূচিতে বিধায়ক মোসারফ হোসেন


তন্ময় চক্রবর্তী _সম্মান, সম্প্রীতি ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে গতকাল ও আজ ইটাহারে একাধিক ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিলেন ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন। মানবিকতা, সামাজিক ঐক্য এবং যুবসমাজকে সুস্থ জীবনের পথে উদ্বুদ্ধ করতেই এই কর্মসূচিগুলি আয়োজন করা হয়।গতকাল ইটাহারে ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত হয় “সম্মান ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে, মানবতার বন্ধনে” শীর্ষক গুণীজন সংবর্ধনা ও সম্প্রীতির সমাবেশ।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক মোসারফ হোসেন বলেন—“যাঁরা নীরবে সমাজকে আলোকিত করেন, তাঁদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সম্মান ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

”আজ অনুষ্ঠিত হয় ইটাহারের ইতিহাসে প্রথম “Let’s Run with Itahar-36” ম্যারাথন দৌড় প্রতিযোগিতা–২০২৬। ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক ম্যারাথনের মূল লক্ষ্য ছিল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, খেলাধুলার পরিবেশ গড়ে তোলা এবং যুবসমাজকে সুস্থ ও সক্রিয় জীবনের পথে উৎসাহিত করা।মোট তিনটি ক্যাটাগরিতে ম্যারাথনের আয়োজন করা হয়—২০ কিমি: ইটাহার পথসাথী → বালিয়াপাড়া → পুনরায় ইটাহার পথসাথী ১০ কিমি: ইটাহার পথসাথী → ঘেরা মোড় → পুনরায় ইটাহার পথসাথী ৫ কিমি: ইটাহার পথসাথী → কলেজ মোড় → পুনরায় ইটাহার পথসাথী  ম্যারাথন প্রসঙ্গে বিধায়ক বলেন—“সুস্থ শরীরই সুস্থ সমাজের ভিত্তি। যুবসমাজকে খেলাধুলা ও শরীরচর্চার দিকে আরও বেশি করে আকৃষ্ট করতেই এই উদ্যোগ।”এছাড়াও গুলন্দর–২ অঞ্চলের সুবর্ণপুর মাঠে সুবর্ণপুর কাশিবাটি ফুটবল কমিটির পরিচালনায় আয়োজিত প্রদর্শনী মহিলা ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এ উপস্থিত ছিলেন বিধায়ক মোসারফ হোসেন।

মহিলা খেলোয়াড়দের উৎসাহিত করতে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি জানান।সম্মান, সম্প্রীতি, স্বাস্থ্য সচেতনতা ও খেলাধুলার প্রসারে একাধিক কর্মসূচিতে সক্রিয় উপস্থিতির মাধ্যমে ইটাহারে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের বার্তা তুলে ধরলেন বিধায়ক মোসারফ হোসেন। তাঁর এই উদ্যোগগুলি এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়েছে বলে মত সাধারণ মানুষের।