রায়গঞ্জ স্টেডিয়ামে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে নজর কাড়ল পৌরসভার ‘SIR’ বিরোধী ট্যাবলো
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,সোমবার যথাযোগ্য মর্যাদায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানের শুরুতে জেলা শাসক শ্রী সুরেন্দ্র কুমার মীনা জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পতাকা উত্তোলনের পর একে একে কুচকাওয়াজ, আকর্ষণীয় প্যারেড এবং বিভিন্ন সরকারি দপ্তরের সুসজ্জিত ট্যাবলো মাঠ পরিক্রমা করে। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা।প্রতি বছরের মতো এ বছরও রায়গঞ্জ পৌরসভার ট্যাবলো ছিল অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ।

বর্তমান সময়ে নির্বাচন কমিশনের বিতর্কিত সিদ্ধান্ত এবং তার ফলে সৃষ্ট ‘SIR’ (Suspicious Identification Report) নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে হয়রানি ও চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে, তাকেই ট্যাবলোর মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরা হয়।ট্যাবলোর মাধ্যমে দেখানো হয় কীভাবে এই প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিচ্ছেন।এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং প্রত্যেক বৈধ ভোটারের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে সাজানো এই ট্যাবলো উপস্থিত সাধারণ মানুষের মন জয় করে নেয়। গত বছরের মতো এ বছরও পৌরসভা প্রতিযোগিতায় অংশ না নিলেও, এই সামাজিক বার্তার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে শামিল হয়। রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস স্পষ্ট ভাষায় জানান, সা
ধারণ মানুষের অধিকার রক্ষায় তাঁরা বদ্ধপরিকর। “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করছি। নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের বলি হতে দেব না সাধারণ মানুষকে। আমাদের স্পষ্ট বার্তা—একজন বৈধ ভোটারের নামও তালিকা থেকে বাদ দিতে দেওয়া হবে না। আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং থাকব।”এদিনের অনুষ্ঠানে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবের আবহেও প্রতিবাদের এই ভিন্নধর্মী মেজাজ রায়গঞ্জের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দিয়েছে।





