শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে কচিকাঁচাদের অঙ্কন প্রতিযোগিতা, দেশপ্রেম ও আদর্শের বার্তা দিলেন কার্তিক পাল ও কৌশিক চৌধুরী

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ | ৬ জুলাই: ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কালিয়াগঞ্জে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক কচিকাঁচা। শিশুদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীলতা ও মহান ব্যক্তিত্বদের আদর্শ তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা ও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, বিজেপির মণ্ডল সভাপতি অপূর্ব রায়, মোহিত বরণ কুণ্ডু, প্রদীপ সাহা, সন্তোষ বেঙ্গলি, গৌরাঙ্গ সূত্রধর, মাম্পি সিংহ, বাবলু বিশ্বাস-সহ বিজেপি যুব মোর্চার একাধিক নেতা-কর্মী।অঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আবহ। শিশুদের আঁকার প্রতিভা উপভোগ করতে অভিভাবক ও সাধারণ মানুষের ভিড়ে অনুষ্ঠানস্থল একসময় মুখর হয়ে ওঠে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে শিল্পীদের উৎসাহিত করেন উপস্থিত অতিথিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনাদর্শ, দেশপ্রেম এবং শিক্ষাচিন্তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিশুদের পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজ সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল তাঁর বক্তব্যে বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। তিনি বলেন, শুধুমাত্র জন্মজয়ন্তী পালন নয়, তাঁর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করাই হবে প্রকৃত শ্রদ্ধার্ঘ্য। এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি শিশুদের মধ্যে জাতীয় চেতনা ও মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কচিকাঁচাদের উৎসাহিত করতে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আয়োজকদের মতে, ভবিষ্যতেও শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং মহান মনীষীদের আদর্শ তুলে ধরতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।