ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অভিযানে প্রশিক্ষণ শিবির, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অনুসরণের আহ্বান সাংসদ কার্তিক পালের
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ | ৬ জুলাই:ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অভিযান-এর একদিনের প্রশিক্ষণ কর্মশালা। কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন প্রশিক্ষক, মডেল কর্মকর্তা এবং বিজেপির একাধিক সংগঠক।

প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। তিনি বলেন, “ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন এক মহামানব। তাঁর আদর্শ, চিন্তাভাবনা এবং দেশপ্রেম আজও দেশের মানুষের কাছে প্রেরণার উৎস।”সাংসদ আরও দাবি করেন, বিগত রাজ্য সরকার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রাপ্য গুরুত্ব দেয়নি। তাঁর বক্তব্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই মহান ব্যক্তিত্বের জন্মজয়ন্তীকে সরকারি মর্যাদায় প্রতি বছর পালন করা হচ্ছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে।কার্তিক পাল কর্মীদের উদ্দেশে বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনাদর্শ ও চিন্তাধারা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বিজেপির প্রতিটি কর্মীকে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ধারাবাহিকভাবে প্রচার চালাতে হবে। তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, জনসংযোগ, আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চা এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দেন।প্রশিক্ষণ শিবিরে স্থানীয় বিজেপি নেতৃত্ব, বিভিন্ন স্তরের সংগঠক এবং বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মতে, এই ধরনের কর্মসূচি সংগঠনের আদর্শ ও কর্মপদ্ধতি সম্পর্কে কর্মীদের আরও সমৃদ্ধ করবে এবং জনসংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

