শিবভক্তদের জন্য আইআরসিটিসির বিশেষ উপহার! ‘সপ্ত জ্যোতির্লিঙ্গ মহাযাত্রা’ নিয়ে ছুটবে ভারত গৌরব ডিলাক্স এসি ট্রেন, ১১ দিনে দর্শন ৭ জ্যোতির্লিঙ্গ ও দ্বারকাধীশ মন্দির
নয়াদিল্লি, ৬ আগস্ট:দেশের ধর্মীয় পর্যটনকে আরও আকর্ষণীয় ও সহজলভ্য করতে ভারতীয় রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) এবার চালু করল এক অনন্য রেলভিত্তিক তীর্থযাত্রা—‘সপ্ত জ্যোতির্লিঙ্গ মহাযাত্রা’। ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনের মাধ্যমে ১১ দিনের এই বিশেষ যাত্রায় ভক্তরা এক সফরেই দর্শনের সুযোগ পাবেন সাতটি জ্যোতির্লিঙ্গ, পাশাপাশি হিন্দু ধর্মের চার ধামের অন্যতম দ্বারকাধীশ মন্দির।এই বিশেষ ট্রেনটি ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর দিল্লির সফদরজং রেলস্টেশন থেকে যাত্রা শুরু করবে। মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের একাধিক ঐতিহাসিক ও ধর্মীয় স্থান ঘুরে পুনরায় দিল্লিতে ফিরবে এই আধ্যাত্মিক সফর।

মধ্যপ্রদেশে শুরু হবে তীর্থযাত্রা
যাত্রার প্রথম গন্তব্য উজ্জয়িনী, যেখানে ভক্তরা দর্শন করবেন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এরপর খণ্ডওয়ায় পৌঁছে নর্মদা নদীর বুকে অবস্থিত পবিত্র ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ মিলবে।
গুজরাটে কৃষ্ণভূমি ও প্রথম জ্যোতির্লিঙ্গ
এরপর ট্রেন পৌঁছাবে দ্বারকা। এখানে দর্শন করা হবে বিখ্যাত দ্বারকাধীশ মন্দির, রুক্মিণী দেবী মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং বেট দ্বারকা। পরে যাত্রা হবে সোমনাথে, যেখানে দর্শন করা হবে ভারতের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির, সোমনাথ সমুদ্র সৈকত এবং ভল্কা তীর্থ।
মহারাষ্ট্রে শেষ হবে আধ্যাত্মিক পরিক্রমা
মহারাষ্ট্রে ভক্তরা দর্শন করবেন ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, এরপর ছত্রপতি সম্ভাজীনগরে অবস্থিত বিশ্ব ঐতিহ্য এলোরার কৈলাস মন্দির এবং ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। সফরের শেষ ধর্মীয় গন্তব্য হবে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং নাসিকের পঞ্চবটি, যেখানে রাম, সীতা ও লক্ষ্মণের বনবাসের স্মৃতি জড়িয়ে রয়েছে।
আরামদায়ক ও আধুনিক ভ্রমণের ব্যবস্থা
আইআরসিটিসি জানিয়েছে, এই সফরে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনে অত্যাধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এসি-১, এসি-২ ও এসি-৩ শ্রেণির সুসজ্জিত কেবিন, নিরামিষ খাবারের রেস্তোরাঁ, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, অভিজ্ঞ ট্যুর ম্যানেজার এবং বিভিন্ন শহরে ৩-তারকা হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থাও থাকবে।
ভাড়া কত?
দুই জনের ভিত্তিতে এই তীর্থযাত্রার প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে—
- এসি-৩ টিয়ার: ₹৯০,৯৩০ (প্রতি ব্যক্তি)
- এসি-২ টিয়ার: ₹১,০৯,৯২৫ (প্রতি ব্যক্তি)
- এসি-১: ₹১,১৯,৪২৫ (প্রতি ব্যক্তি)
ভারত গৌরব ট্রেন প্রকল্পের আওতায় ভারতীয় রেল প্রায় ৩৩ শতাংশ ভর্তুকি দিচ্ছে, যা প্যাকেজ মূল্যের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে।
প্যাকেজে যা যা থাকছে
প্যাকেজের মধ্যে রয়েছে ট্রেন ভ্রমণ, ৩-তারকা হোটেলে থাকা, সম্পূর্ণ নিরামিষ খাবার, এসি গাড়িতে দর্শনীয় স্থান ভ্রমণ, দুর্ঘটনা বিমা, স্থানীয় যাতায়াত এবং আইআরসিটিসির ট্যুর ম্যানেজারের পরিষেবা।
আইআরসিটির এই উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের শিবভক্ত ও ধর্মপ্রাণ পর্যটকদের জন্য এক সফরেই সাত জ্যোতির্লিঙ্গ ও একাধিক ঐতিহাসিক ধর্মস্থান দর্শনের সুযোগ তৈরি হয়েছে। ফলে ধর্মীয় পর্যটনের পাশাপাশি ভারতীয় রেলের ‘ভারত গৌরব’ প্রকল্পও আরও জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।
