রায়গঞ্জ সুরেন্দ্র নাথ মহাবিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদ উৎসব উদযাপন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪;সেপ্টেম্বর:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আগমনী শারদ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। মহাবিদ্যালয়ের কালচারাল কমিটি এবং IQAC যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শিমুল সরকার। বিকেল দুটোয় উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কলেজের ছাত্রী স্নিগ্ধা মন্ডল।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বর্তমান সমাজের ছাত্রছাত্রীদের কাছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে একটি পরিষ্কার ধারণা প্রদান করা এবং সেইসঙ্গে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আরো গভীর আকর্ষণ তৈরি করা।উদ্বোধনের পর কলেজের অধ্যক্ষ ড. চন্দন রায় উৎসব উপলক্ষে বক্তব্য রাখেন। তিনি আগমনী উৎসবের ইতিহাস তুলে ধরেন এবং দুর্গোৎসবের সঙ্গে বাংলার অর্থনীতির সম্পর্ক ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন, কীভাবে সমাজের প্রতিটি স্তরের মানুষ এই উৎসবের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয়। পাশাপাশি তিনি একটি কবিতাও আবৃত্তি করেন।এরপর একে একে ছাত্রছাত্রীরা কবিতা, গান ও নৃত্য পরিবেশন করে। শিক্ষক-শিক্ষিকারা ও অশিক্ষক কর্মীরাও কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করেন। সাড়ে পাঁচটা পর্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি চলতে থাকে। উপস্থিত সকলেই উৎসবের আবহে মুগ্ধ হন এবং অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।আগমনী শারদ উৎসব ২০২৫ কেবল বিনোদন নয়, বরং ছাত্রছাত্রী ও সমগ্র মহাবিদ্যালয় পরিবারের কাছে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির মূল্যবোধকে পুনরুজ্জীবিত করার এক মহৎ উদ্যোগ হয়ে উঠেছে।