মহিলাদের স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ উদ্যোগ, হেমতাবাদে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত এমপি কার্তিক চন্দ্র পাল
তন্ময় চক্রবর্তী: মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হলো হেমতাবাদ বিধানসভা এলাকায়। ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের অধীনস্থ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর সহায়তায় বুধবার মহিলাদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি উপভোক্তা মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন এবং তাঁদের সঙ্গে কথা বলে উৎসাহ বাড়ান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, মহিলাদের হাতে কাজের সুযোগ ও দক্ষতা তুলে দিলে তাঁরা নিজের পরিবারকে যেমন আর্থিকভাবে এগিয়ে নিতে পারবেন, তেমনই সমাজও এগিয়ে যাবে।
কেন্দ্র সরকারের এই ধরনের প্রকল্প মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি জানান।তিনি আরও বলেন, শুধুমাত্র প্রশিক্ষণ নয়, সেই প্রশিক্ষণের বাস্তব প্রয়োগের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়াই এই উদ্যোগের মূল সাফল্য।

ভবিষ্যতেও এই ধরনের প্রকল্পের মাধ্যমে মহিলাদের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, সমাজকর্মী এবং প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা উপস্থিত ছিলেন। সেলাই মেশিন পেয়ে খুশি উপভোক্তা মহিলারা জানান, এই সহায়তার মাধ্যমে তাঁরা বাড়িতে বসেই কাজ করে স্বনির্ভর হতে পারবেন।এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং মহিলাদের মুখে ফুটে ওঠে আত্মনির্ভরতার আত্মবিশ্বাস।



