প্রাক্তন ছাত্র হিসেবেই নয়, অভিভাবক রূপে বিদ্যালয়ের পাশে এমপি কার্তিক চন্দ্র পাল
তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো জোনাল আন্তঃবিদ্যালয় বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন রায়গঞ্জের সাংসদ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কার্তিক চন্দ্র পাল।প্রতিযোগিতায় সফল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ কার্তিক চন্দ্র পাল।
পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে তিনি তাঁর স্কুল জীবনের নানা স্মৃতি ভাগ করে নেন উপস্থিত সকলের সঙ্গে। তাঁর স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। সাংসদ জানান, একজন প্রাক্তন ছাত্র হিসেবে নয়, বিদ্যালয়ের এক অভিভাবক হিসেবেও তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বদা পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

অনুষ্ঠানে সাংসদের পাশে মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন উপ-উপপ্রধান কমল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পরিচালন সমিতির সদস্যবৃন্দ এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারা।বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল শিক্ষক-শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভকামনা।






