“ভাইপোতন্ত্রে ডুবে বাংলা, তৃণমূল মানেই লুটের উন্নয়ন” — রায়গঞ্জে বিস্ফোরক সুকান্ত

রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: নির্বাচনের মুখে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে কার্যত তুলোধোনা করলেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন  রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সভা শেষে সাংবাদিকদের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।সুকান্ত মজুমদার বলেন, “এই রাজ্যে উন্নয়ন হয়েছে শুধু ভাইপোদের আর তৃণমূল কংগ্রেসের নেতাদের। সাধারণ মানুষের উন্নয়ন কেউ চোখে দেখতে পাচ্ছে না।

তবে বিজেপির সাংসদের হাত ধরে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প উত্তর দিনাজপুরে পৌঁছচ্ছে।”বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, “অনুব্রত মণ্ডল জেলের ভেতর থেকেই ঠিক করে এসেছেন কী চুষবেন—হাতের আঙুল না পায়ের আঙুল। কিন্তু দেশের আইন স্পষ্ট—যে ভারতের নাগরিক তার নাম ভোটার তালিকায় থাকবে, আর যে নাগরিক নয় তার নাম থাকবে না।”নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের দিকেও কড়া আক্রমণ শানিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “যদি সত্যিই দম থাকত, তাহলে পিসির হাত ধরে রাজনীতিতে আসতে হতো না। আমরা যারা রাজনীতি করছি, আমাদের মা-বাবা বা পিসি কেউই রাজনীতিবিদ ছিলেন না। আমরা নিজেদের দমে প্রতিষ্ঠিত। যদি পিসির ভাইপো না হতো, তাহলে ভারতীয় জনতা পার্টিতে থাকলেও কোনওদিন বুথ সভাপতির পদও পেত না।”সুকান্ত মজুমদারের এই তীব্র আক্রমণ ঘিরে নির্বাচনের মুখে উত্তর দিনাজপুরের রাজনীতিতে উত্তাপ আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।