গ্রামে বসেই ব্যাংকিং পরিষেবা! অর্থগ্রাম সমবায় পেল ‘মিনি ব্যাংক’ মর্যাদা, আমানত নেওয়ার অনুমোদন
📍 তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ | ২৩ মার্চ, সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অর্থগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ‘মিনি সমবায় ব্যাংক’-এর মর্যাদা পেল। এর ফলে এখন থেকে সাধারণ মানুষ সরাসরি এই সমবায়ে নিজেদের সঞ্চয় জমা রাখতে পারবেন, যা এলাকাবাসীর কাছে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিল।এই মিনি সমবায় ব্যাংকের উদ্বোধন করেন রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রবীণ চেয়ারম্যান তিলক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সাধারণ সম্পাদক বৈকুণ্ঠ বৈশ্য, নাবার্ডের প্রতিনিধি সিডিও অনিল বর্মন, বিশ্বজিৎ মল্লিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
এছাড়াও উপস্থিত ছিলেন অর্থগ্রাম মিনি ব্যাংকের ম্যানেজার বুদ্ধদেব দেব এবং রায়গঞ্জ মহকুমার বিভিন্ন সমবায় ব্যাংকের ম্যানেজার, সভাপতি ও সম্পাদকরা।উদ্বোধনী মঞ্চ থেকে রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, অর্থগ্রাম সমবায়ের সদস্যরা দীর্ঘদিন ধরেই কৃষিকাজের জন্য ঋণ নিয়ে সময়মতো তা পরিশোধ করে আসছেন। তাদের এই নিয়মানুবর্তিতা ও সাফল্যের ভিত্তিতেই সমবায় দপ্তর সাধারণ মানুষের স্বার্থে এই সমিতিকে ‘মিনি ব্যাংক’-এর স্বীকৃতি দিয়েছে।এখন থেকে এলাকার মানুষ তাদের সঞ্চিত অর্থ গ্রামের মধ্যেই নিরাপদে রাখতে পারবেন।
পাশাপাশি, কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আগের মতোই সহজ শর্তে ঋণের সুবিধা পাবেন। জানা যায়, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ১১ শতাংশ সুদে ঋণ দেওয়া হলেও, সময়মতো পরিশোধ করলে রাজ্য সরকারের তরফে ৭ থেকে ৯ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। ফলে বাস্তবে ঋণগ্রহীতাদের মাত্র ২ থেকে ৪ শতাংশ সুদেই ঋণ পাওয়া সম্ভব হচ্ছে।মিনি ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ায় এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গ্রামেই ব্যাংকিং পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় খুশি সাধারণ মানুষ। বিশেষ করে কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছে এটি বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।

